২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ক্যাম্পাসে খোকন হত্যা মামলার সন্দেহভাজন আসামী প্রহৃত

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল কর্মীরা বুধবার ছাত্রদল নেতা মাহবুব আলম খোকন হত্যার সাথে জড়িত সন্দেহে এক ছাত্রকে মারধর করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2005, 06:44 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

গত বছর ১৫ সেপ্টেম্বর জহুরুল হক হলে ছাত্রদলের একাংশের কর্মীরা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র খোকনকে লোহার রড ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে আহত করে। পরে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ১৮ সেপ্টেম্বর তার মৃত্যু হয়।

ইসলামিক স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র দিদার হোসেন শুভ বুধবার অনার্স ফাইনাল পরীক্ষা দিতে আসলে ছাত্রদলের কিছু কর্মী তাকে কলাভবনের পেছনে এনে মারধর করে এবং পরে জহুরুল হক হলে নিয়ে যায়। উল্লেখ্য, শুভও জহুরুল হক হলের আবাসিক ছাত্র।

গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শুভকে উদ্ধৃত করে নীলক্ষেত পুলিশ ফাঁড়ি বিডিনিউজকে জানায়, ছাত্রদল কর্মীরা তার কাছ থেকে মোবাইল ফোন, টাকা ও জামিনপত্র ছিনিয়ে নিয়েছে।

পুলিশ আরও জানায়, খোকন হত্যা মামলায় সন্দেহভাজন ১০ জনের মধ্যে শুভ জামিনে রয়েছে।