শিশুদের সব অধিকার সংরক্ষণ সম্ভব নয়: খুরশীদ জাহান
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী খুরশীদ জাহান হক বলেছেন, দরিদ্র ও ঘন জনবসতির কারণে দেশের শিশুদের সব অধিকার পুরোপুরিভাবে সংরক্ষণ করা সম্ভব নয়।
সোমবার রাজধানীর বিয়াম মিলনায়তনে বাংলাদেশে ‘শিশুদের ওপর নির্যাতন’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ইউনিসেফের সহযোগিতায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় দুদিন ব্যাপি এ আলোচনার আয়োজন করেছে।
খুরশীদ জাহান হক বলেন, শহরের তুলনায় গ্রামের শিশুরা অনেক বেশী বঞ্চিত ও নির্যাতিত।
তিনি বলেন, দেশে শিশু অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে এখনও কিছু ত্রুটি রয়েছে। তবে এরই মধ্যে সরকার শিশুদের ওপর নির্যাতন প্রতিরোধে বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেছে।
মন্ত্রণালয়ের সচিব আব্দুর রশীদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে যুগ্ম সচিব মুহাম্মদ আবুল কাশেম, ইউনিফের আঞ্চলিক পরিচালক সেসিলা লজ ও সেভ দা চিলড্রেনের ফোকাল পার্সন ওলোফ রিসবার্গ বক্তব্য রাখেন।
