২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত দূর্নীতি মামলার শুনানি জুনে

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত তিনটি দূর্নীতি মামলার শুনানি আগামী জুন মাসে হাইকোর্টে অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2005, 08:24 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

বিচারপতি শরিফউদ্দিন চাকলাদার ও বিচারপতি এএফএম আলী আসগরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শনিবার মামলাগুলোর শুনানি আগামী ১৪, ২১ ও ২৮ জুন নির্ধারণ করেন।

শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলা তিনটির শুনানির জন্য সময় প্রার্থনা করে তার পক্ষ থেকে দায়ের করা একটি পিটিশনের ভিত্তিতে হাইকোর্ট এ সিদ্ধান্ত নেয়।

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর শেখ হাসিনার বিরুদ্ধে তার সরকারের সময় যুদ্ধ বিমান মিগ-২৯ ক্রয় ও বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল কর্তৃপক্ষে (বেপজা) নিয়োগের ব্যাপারে দূর্নীতি মামলা দায়ের করে।

ব্যারিস্টার এম আমিরুল ইসলাম, ব্যারিস্টার রোকনুউদ্দিন মাহমুদ, এ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার, এ্যাডভোকেট ওজায়ের ফারুক, এ্যাডভোকেট মাহবুবে আলম, এ্যাডভোকেট এনায়েতুর রহিম এবং এ্যাডভোকেট আশাফুর রহমান শেখ হাসিনার পক্ষে মামলা পরিচালনা করছেন।