ন্যায়পাল নিয়োগ বিষয়ে সরকারকে হাইকোর্টের রুল জারি
দেশের সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী কেন একজন ন্যায়পাল নিয়োগ দেওয়া হবে না, এই মর্মে শনিবার কারন দর্শানোর জন্য হাইকোর্ট সরকারের ওপর রুল জারি করেছেন।
এছাড়াও সাধারণ নির্বাচনের আগে সংসদ পদপ্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, তার বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা আছে কিনা, এবং তার আয়ের উৎসসহ বিভিন্ন তথ্য কেন নির্বাচন কমিশন ও জনগণকে জানাতে বাধ্য করা হবে না, এ মর্মে
সরকার, নির্বাচন কমিশন এবং প্রধান নির্বাচন কমিশনারের ওপর হাইকোর্ট অপর একটি রুল জারি করেন।
হাইকোর্টের একটি বেঞ্চ এই রুল জারি করে দু সপ্তাহের মধ্যে কারণ দর্শাতে বলেন।
ন্যায়পাল নিয়োগ ও সংসদ প্রার্থী সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সরবরাহের জন্য নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের তিন সিনিয়র আইনজীবী এডভোকেট আব্দুল মোমেন চৌধুরী, কেএম জাবির এবং জহিরুল ইসলাম জনস্বার্থে পৃথক দুটি রিট আবেদন দায়ের করেন।
আবেদন দায়েরকারীরা নিজেরাই আদালতে মামলা পরিচালনা করেন এবং ডেপুটি এ্যাটর্নি জেনারেল (ডিএজি) আদিলুর রহমান খান সরকারের পক্ষে শুনানিতে অংশ নেন।
