শেখ হাসিনা ২৪ এপ্রিল ৩ দিনের সফরে রংপুর যাচ্ছেন, চট্টগ্রাম যাবেন ১ মে
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তিন দিনের সফরে ২৪ এপ্রিল রংপুর যাচ্ছেন। এছাড়া ১ মে তিনি চট্টগ্রাম সফরে যাবেন।
আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী বিডিনিউজকে জানান, শেখ হাসিনা ২৪ এপ্রিল সকালে সড়ক পথে রংপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
তিন দিনের এ সফরে শেখ হাসিনার স্বামী বিশিষ্ট পরমানু বিজ্ঞানী ড. এম ওয়াজেদ মিয়া ও একমাত্র পুত্র সজিব ওয়াজেদ জয় সঙ্গে থাকছেন। জয় বৃহস্পতিবার আমেরিকা থেকে দেশে এসেছেন।
দলীয় সূত্র জানায়, শেখ হাসিনার ননদ ফাতেমা খাতুন ১২ এপ্রিল মারা গেছেন। শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে সপরিবারে রংপুর যাচ্ছেন তিনি। এছাড়া, রংপুর সফরকালে শেখ হাসিনা বেশ ক’টি রাজনৈতিক, সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেবেন।
এদিকে, মহান মে দিবস উপলক্ষ্যে অনুষ্ঠেয় এক শ্রমিক সমাবেশে যোগ দিতে শেখ হাসিনা ১ মে চট্টগ্রাম যাবেন।
