নাজিউরকে গ্রেফতারের গুজব : বিজেপিতে পাল্টাপাল্টি বহিস্কার
বারডেম হাসপাতালে চিকিৎসাধীন চারদলীয় জোটের শরীক বাংলাদেশের জাতীয় পার্টির (বিজেপি) সভাপতি নাজিউর রহমান মঞ্জুরকে পুলিশ ঘিরে রেখেছে।
এ নিয়ে শুক্রবার তাকে গ্রেফতার করা হচ্ছে বলে নগরীতে গুজব ছড়িয়ে পড়ে। তবে পুলিশ বলেছে, হাসপাতালে বিজেপির সভা হওয়ার কথা রয়েছে। হাসপাতালে যাতে করে কোন রাজনৈতিক সভা হতে না পারে, সে কারনেই হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিজেপির নাজিউরের নেতৃত্বাধীন অংশের মহাসচিব সাইফুর রহমান বিডিনিউজকে জানান, তারা অতিরিক্ত পুলিশ মোতায়েন হতে দেখে কর্তৃপক্ষের সাথে এ ব্যাপারে কথা বলেছেন। পুলিশ নাজিউরকে গ্রেফতার করার সম্ভাবনার কথা অস্বীকার করেছে।
এদিকে শুক্রবার নাজিউর রহমান মঞ্জুর নিজের স্বাক্ষরিত এক বিবৃতিতে বলেছেন, চারদলীয় জোটের সাথে আমার সম্পর্ক অবিচ্ছেদ্য। জোট প্রতিষ্ঠা ও সংকটকালীন সময়ে জোটের ঐক্য ও অস্তিত্ব রক্ষায় আমার ভূমিকা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দেশবাসী অবগত রয়েছে।
তিনি আরও বলেন, জোট সরকার আমলে আইনশৃংখলা পরিস্থিতির প্রভূত উন্নতি সাধিত হয়েছে। র্যাব, চিতা, কোবরার ভূমিকার প্রসংশা করে তিনি বলেন, দেশ ও জাতির বৃহত্তর কল্যাণের স্বার্থেই অনেক সময় ক্ষুদ্র ত্যাগ স্বীকার করতে হয়।
বিবৃতিতে নাজিউর রহমান বলেন, জোটের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আমি সকল শরীক দলের সমন্বয়ে চারদলীয় সরকার গঠন করার দাবি জানিয়েছি। তিনি কাউকে মৌলবাদী আখ্যা দেননি বলেও বিবৃতিতে বলা হয়।
এর আগে বুধবার রাত থেকে জোট বিরোধী অবস্থানের কারনে বিজেপিতে পাল্টাপাল্টি বহিস্কার শুরু হয়।
বুধবার রাতে দলের প্রধান উপদেষ্টা ও সংসদ সদস্য ডাঃ এমএ মতিন নিজে সভাপতির দায়িত্ব নেন ও নাজিউর রহমান মঞ্জুরকে অব্যাহতি দেওয়ার ঘোষণা দেন।
এর জবাবে বৃহস্পতিবার সভাপতি নাজিউর রহমান মঞ্জুর বহিস্কার করেছেন দলের সংসদ সদস্য ডাঃ এমএ মতিনকে।
দুপক্ষই দাবি করেছে এ বহিস্কারের সিদ্ধান্ত প্রেসিডিয়ামের বৈঠকে হয়েছে।
ডাঃ মতিনের নেতৃত্বাধীন অংশে অতিরিক্ত মহাসচিব একেএম মাইদুল ইসলামকে ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করা হয়। দলের মহাসচিব সাইফুর রহমানের অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে না পারায় তার ব্যাপারে কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি।
এ অংশের ভারপ্রাপ্ত মহাসচিব একেএম মাইদুল ইসলাম বিডিনিউজকে জানান, বুধবার রাতে দলের প্রেসিডিয়ামের সভায় নাজিউর রহমান মঞ্জুরকে অব্যাহতি ও ডাঃ মতিনকে সভাপতি মনোনয়নের সিদ্ধান্ত নেওয়া হয়। নাজিউরকে জোটবিরোধী বক্তব্য দিয়ে সরকারের ভাবমূর্তি বিনষ্ট ও দলীয় শৃংখলা লংঘন করার অভিযোগে দল থেকে অব্যাহতি দেওয়া হয়।
নাজিউর রহমানের সমর্থক অংশটি দলীয় চেয়ারম্যানের অসুস্থতার কারনে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার প্রেসিডিয়ামের সভায় মিলিত হন। সেখানে দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে ডাঃ এমএ মতিনকে বহিস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ব্যাপারে ডাঃ এমএ মতিন সাংবাদিকদের জানান, জোটে থেকেও দলের বিরুদ্ধে কথা বলায় তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের সংখ্যাগরিষ্ট প্রেসিডিয়াম সদস্য একমত হলেই সভাপতিকে দলের পদ থেকে অব্যাহতি দেওয়া যায়।
তিনি দাবি করেন, প্রেসিডিয়ামের ১৯ জন সদস্যের মধ্যে ১২ জনই তাদের সাথে রয়েছে। বিজেপি জোটের সাথে ছিল, আছে এবং থাকবে।
