২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলিয়া মাদ্রাসায় ছাত্র সংঘর্ষ নিয়ে ছাত্রদল ও শিবিরের পরস্পর বিরোধী বক্তব্য

ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্র সংঘর্ষ সম্পর্কে ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতারা পরস্পর বিরোধী মন্তব্য করছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2005, 07:49 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি আজিজুল বারী হেলাল বলেছেন, ছাত্রদল-শিবির সংঘর্ষ পূর্ব পরিকল্পিত নয়, একটি বিচ্ছিন্ন ঘটনা মাত্র। অন্যদিকে ছাত্র শিবিরের সভাপতি মো: বেলাল হোসেন বলেছেন, সংঘর্ষের ঘটনা পূর্ব পরিকল্পিত। ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজে গত ৯ মার্চের ঘটনার প্রতিশোধ নিতে শিবিরের ওপর এই হামলা চালিয়েছে।

বিডিনিউজের সঙ্গে ভিন্ন ভিন্ন সাক্ষাৎকারে সংগঠন দু’টির সভাপতি এ কথা জানিয়েছেন।

গত সোমবার রাতে আলিয়া মাদ্রাসায় দু’টি ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষে প্রায় এক শত ছাত্র আহত হয়। ঘটনার পর মাদ্রাসা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্যে মাদ্রাসা বন্ধ ঘোষনা করেছে এবং ছাত্রাবাস খালি করে দেয়া হয়েছে।

ছাত্রদলের সভাপতি বিডিনিউজকে বলেন, তৃণমূল পর্যায়ের নেতাদের মধ্যে ভুল বুঝাবুঝির কারণে এই ঘটনা ঘটেছে। ছাত্রদল-শিবিরের কেন্দ্রীয় নেতাদের কাছে এ বিষয়ে জানানো হলে সহজেই বিষয়টি সমাধান হয়ে যেত।

ছাত্রদল সভাপতি দাবি করেন, ছাত্রদলের নেতারা ঘটনার সময় মোবাইল ফোনে ছাত্র শিবিরের নেতাদের সঙ্গে কথা বলেছেন।

কিন্তু ছাত্র শিবিরের সভাপতি ছাত্রদলের এই বক্তব্য খারিজ করে দেন।