জয়কে জড়িয়ে সংবাদ : বাসস’র বিরুদ্ধে মামলা করেছে যুবলীগ
শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে জড়িয়ে ‘মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত’ সংবাদ প্রচারের অভিযোগে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও দিল্লি সংবাদদাতার বিরুদ্ধে আওয়ামী যুবলীগ আদালতে মামলা দায়ের করেছে।
বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এ মামলা দায়ের করেন ঢাকা মহানগর যুবলীগের (উত্তর) আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট হেমায়েত উদ্দিন মোল্লা।
মামলার বাদি দণ্ডবিধির ৫০০ ধারা অনুযায়ী বিবাদিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানান।
বাদি তার আর্জিতে বলেন, সরকার নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা বাসস’র বিবাদিদ্বয় গাজীউল হাসান খান ও জাহাঙ্গীর হোসেন ক্ষমতাসীন বিএনপি’র রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্যে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার সুনাম ক্ষুণœ এবং তার পুত্র জয়কে বিতর্কিত করার জন্যে পরস্পর যোগসাজসে ষড়যন্ত্র ও উদ্দেশ্যমূলক ভাবে মিথ্যা ও বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করে। এ সংবাদের প্রতিবাদ করে সজীব ওয়াজেদ জয় ও বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী এবং ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী প্রণব মুখার্জী বিবৃতি দেওয়ার পরও আজ পর্যন্ত এ মিথ্যা সংবাদের জন্যে বিবাদিরা কোনো রকম দু:খ প্রকাশ করে নি। এটি তাদের ফৌজদারি অপরাধের মানসিকতারই প্রকাশ।
গত ১৮ মার্চ বিভিন্ন দৈনিকে বাসস পরিবেশিত সংবাদে বলা হয়েছিল, শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় এবং বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী ভারতের প্রতিরক্ষা মন্ত্রী প্রণব মুখার্জীর সঙ্গে দিল্লির সাউথ ব্লকে তার দফতরে সাক্ষাৎ করেন।
