ফেনী পৌর নির্বাচন: বিএনপিতে নতুন মেরুকরণ
আসন্ন পৌরসভা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী মনোনয়নকে কেন্দ্র করে ফেনী জেলা বিএনপি’র রাজনীতিতে নতুন মেরুকরণ সৃষ্টি হয়েছে। দলের গুরুত্বপূর্ণ নেতাদের বেশীরভাগ এখন প্রকাশ্যে নুরুল আফসারের পক্ষে অবস্থান নিয়েছেন।
দলের একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, গত ১ এপ্রিল শহীদ জহির রায়হান হলে পৌর কমিটির সভায় তড়িঘড়ি করে গোপন ভোটাভুটির মাধ্যমে জেলা যুবদলের সাধারণ সম্পাদক, সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে দলের প্রার্থী ঘোষণা করা হলেও প্রার্থী নির্বাচন প্রক্রিয়াটি বৈধ নয় বলে অভিযোগ রয়েছে। প্রার্থী নির্বাচনে পৌর কমিটির ৮৩ জন সদস্য এবং জেলা, সদর উপজেলা সভাপতি-সাধারণ সম্পাদক, সহযোগী সংগঠনগুলোর প্রতিনিধি সমন্বয়ে ৯৩ জনকে ভোটার করা হয়।
সূত্র জানায়, কে বা কারা প্রার্থী নির্বাচনে অনুপস্থিত লোকদের ভোট দিয়ে দেয়। এদের মধ্যে জেলা কমিটির সভাপতি, ফেনী-৩ আসনের সাংসদও ছিলেন। এ ছাড়াও জেলা ছাত্রদল সভাপতি, বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি, জেলা যুবদল সভাপতি, ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং পানি উন্নয়ন বোর্ড শ্রমিক দলের সভাপতি উপস্থিত না থাকলেও অন্যরা তাদের ভোট দিয়ে দেয়।
যার ফলে দলীয় নেতা কর্মীদের মাঝে অসন্তোষ দেখা দেয়। বিভিন্ন স্তরের নেতা কর্মীরা এই মনোনয়ন মেনে নিতে পারছে না। জেলা বিএনপি’র গুরুত্বপূর্ণ নেতাদের অনেকেই এখন বিএনপি’র অপর অংশের প্রার্থী সাবেক পৌর ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি নুরুল আফসারের পক্ষে অবস্থান নিয়েছেন।
দলীয় সূত্র জানায়, সাবেক মহিলা এমপি হালিমা খাতুন সহ দলের অন্যান্য বিশেষ ব্যক্তিবর্গও আফসারকে সমর্থন দিয়েছেন। বুধবার প্রার্থীদের মনোনয়ন জমা দেয়ার কথা রয়েছে।
