২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশ এগিয়ে নিতে সুশিক্ষিত তরুণ, মেধাবী ও প্রগতিশীল নেতৃত্ব্ দরকার : ছাত্রলীগের সঙ্গে মতবিনিময়ে জয়

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজেদ জয় বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশকে এগিয়ে নিতে তরুণদের অগ্রণী ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, দেশের স্বার্থে এখন সুশিক্ষিত তরুণ, মেধাবী ও প্রগতিশীল নেতৃত্ব্ দরকার। ছাত্রলীগ থেকেই এ তরুণ নেতৃত্ব তৈরী হতে পারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2005, 07:05 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

মঙ্গলবার বিকেলে বাংলাদেশ ছাত্রলীগের শীর্ষ স্থানীয় নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

জয় দেশের সার্বিক অবস্থার কথা তুলে ধরে বলেন, দেশের এখন কঠিন সময় যাচ্ছে। দুর্নীতি, সন্ত্রাস সকল সীমা ছাড়িয়ে গেছে। এভাবে চলতে থাকলে দেশটা শেষ হয়ে যাবে। 

বলেন, গত ৩৩ বছরে যা হয়ে গেছে তা বদলানো যাবে না। কিন্তু আগামীটা আমাদেরই হাতে। এটাকে আমরা বদলাতে পারি।

আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, খুব অল্প সময়েই আমাদের দেশটাকে আমরা এগিয়ে নিতে পারি। আগামী পাঁচ বছরের মধ্যে থাইল্যাণ্ড, ১০ বছরের মধ্যে মালয়েশিয়া কিংবা ১৫ বছরের মধ্যে এ দেশকে আমরা সিঙ্গাপুরের মতো করে গড়তে পারি। তবে এজন্যে সন্ত্রাস-দুর্নীতি বন্ধ করতে হবে।

জয় আরো বলেন, বিশ্ব দ্রুত এগিয়ে যাচ্ছে। এক সঙ্গে কাজ করে আমাদেরও এগিয়ে যেতে হবে। এজন্যে রাজনীতির স্টাইল বদলাতে হবে।

অনুষ্ঠানে ছাত্রলীগ সভাপতি লিয়াকত সিকদার ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু বক্তব্য রাখেন। এসময় বলরাম পোদ্দার, মারুফা আক্তার পপি ছাড়াও ছাত্রলীগের কেন্দ্রীয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

পরে এক রুদ্ধদ্বার বৈঠকে সজিব ওয়াজেদ জয় ছাত্রলীগের সাংগঠনিক অবস্থা সম্পর্কে অবহিত হন। দেশের সার্বিক পরিস্থিতিতে ছাত্রনেতাদের করণীয় সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ দেন তিনি।