২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে প্রধান দু প্রার্থীর আচরণবিধি লংঘন

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কোন প্রার্থীই আচরণবিধি মানছেন না। অহরহ আচরণবিধি লংঘনের ঘটনা ঘটলেও এখন পর্যন্ত নির্বাচন কমিশন এ ব্যাপারে কোনও পদক্ষেপ নেয়নি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2005, 05:46 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

নির্বাচন কমিশন অফিসের নিষ্ক্রিয়তার সুযোগে মেয়র নির্বাচনের প্রধান দুই প্রতিদ্বন্দ্বী নাগরিক কমিটির প্রার্থী বর্তমান মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী ও চারদলীয় জোট প্রার্থী মীর মোহাম্মদ নাছির উদ্দিনের নির্বাচনী প্রচারণা চলাকালে প্রতিনিয়ত আরচণবিধি লংঘিত হচ্ছে।

এ ব্যাপারে চট্টগ্রাম বিভাগীয় উপনির্বাচন কমিশনার বিশ্বাস লুৎফর রহমান বিডিনিউজকে বলেন, কোন প্রার্থীর পক্ষ থেকে সুনির্দিষ্ট অভিযোগ করা হলে কমিশন পদক্ষেপ নেবে। অথবা প্রার্থীরা চাইলে মামলাও করতে পারেন।

নির্বাচন কমিশন অফিস সূত্রে জানা যায়, গত ২৮ মার্চ নির্বাচন কমিশন অফিস থেকে প্রার্থীদের মাঝে ১৮ দফা সম্বলিত নির্বাচনী আচরণবিধি বিতরণ করা হয়। আচরণবিধি ঘোষণার পর স্থানীয় নির্বাচন কমিশন অফিসে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোন অভিযোগ জমা পড়েনি। তবে প্রধান নির্বাচন কমিশন অফিস থেকে আচরণবিধি মেনে চলার জন্য দু দফা সতর্কতা জারি করা হয়।

অনুসন্ধানে জানা যায়, নির্বাচনী প্রচারণায় সরকারি যানবাহন ব্যবহার নিষিদ্ধ হলেও দুই প্রার্থীই তা করছেন। এক ওয়ার্ডে একটির বেশি মাইক ব্যবহার না করা এবং মাইক ব্যবহার দুপুর আড়াইটা থেকে রাত ৮টার মধ্যে সীমাবদ্ধ রাখার জন্য বলা হলেও কোনও প্রার্থীই তা মানছেন না।

চারদলীয় জোটের নির্বাচনী সমন্বয়ক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালউদ্দিন বিডিনিউজকে বলেন, ‘প্রচারণার ক্ষেত্রে আমরা কোনও আচরণবিধি লংঘন করছি না’।

অন্যদিকে নাগরিক কমিটির সদস্য সচিব অধ্যাপক আবু ইউসুফ আলম বলেন, ‘আচরণবিধি লংঘন হয় এমন প্রচারণা আমাদের নেই’। তিনি আরও বলেন, কারো কোন অভিযোগ থাকলে তা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের।

এদিকে মঙ্গলবার থেকে জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ (জানিপপ) নির্বাচন পর্যবেক্ষণ শুরু করেছে। জানিপপের বাংলাদেশ সমন্বয়কারী ড. কলিমুল্লাহ আহসান বলেন, আমাদের প্রতিনিধিরা প্রার্থীদের খুব কাছাকাছি থেকে আচরণবিধি লংঘনের বিষয়টি পর্যবেক্ষণ করছেন।