আবারও অশান্ত পাহাড়: এক সপ্তাহে ৩ জন খুন, ২৪ জন অপহরণ
পার্বত্য শান্তিচুক্তির পক্ষে ও বিপক্ষের পাহাড়িদের সশস্ত্র সংঘর্ষে আবারও অশান্ত হয়ে উঠেছে পাহাড়। এই দুগ্র“পের পাল্টা-পাল্টি হত্যা, হামলা, অপহরণ, মুক্তিপণ আদায়, অগ্নিসংযোগের ঘটনা ঘটেই চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাত্র এক সপ্তাহে খাগড়াছড়ি ও রাঙ্গামাটি পার্বত্য জেলায় উভয় পক্ষে ২৪ জন অপহরণ ও তিন জন সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়।
নিহতরা হচ্ছে, জনসংহতি সমিতির সন্তোষ বিকাশ চাকমা, চুক্তি বিরোধী ইউপিডিএফ’র (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট) চেয়ারম্যান বিরো কুমার চাকমা এবং আশিষ, ওরফে পরাক্রম চাকমা।
২৬ মার্চ জনসংহতি সমিতির পানছড়ির নেতা সন্তোষ বিকাশ চাকমাকে প্রতিপক্ষের সন্ত্রাসীরা ব্রাশ ফায়ার করে খুন করে। তার হত্যার প্রতিবাদে খাগড়াছড়ি-পানছড়ি সড়কে মঙ্গলবার দিনভর অবরোধ পালিত হয়।
২৫ মার্চ রাঙ্গামাটির নানিয়ারচরের দূর্গম কুতুকছড়িতে অন্তর্দলীয় কোন্দলে খুন হন ইউপিডিএফ’র জেলা তথ্য ও প্রচার সম্পাদক আশিষ চাকমা।
২০ মার্চ সন্ত্রাসী হামলায় কুতুকছড়িতে খুন হন সাবেক ইউপি চেয়ারম্যান বিরো কুমার চাকমা।
পুলিশ, নিরাপত্তা বাহিনী ও বিভিন্ন সূত্র জানায়, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর ঐতিহাসিক শান্তিচুক্তির পর পাহাড়িদের ভাতৃঘাতি সংঘর্ষে এ পর্যন্ত ৪৩৫ জন নিহত এবং ৭২৫ জন অপহৃত এবং অন্তত ৯৫৩ জন আহত হয়। এলাকায় আধিপত্য বিস্তার ও প্রতিপক্ষকে দমন করার জন্য ঘটছে এ সব সন্ত্রাস। এরই অংশ হিসেবে ৪৭০ জন পাহাড়ির ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়। আশ্রয়হীন হয়ে পড়ে সহস্রাধিক মানুষ।
