মহিউদ্দিন চৌধুরীর ৪০ দফা অঙ্গীকার ঘোষণা
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিরোধী দলের মেয়র প্রার্থী এ বিএম মহিউদ্দিন চৌধুরী ৪০ দফা নির্বাচনী অঙ্গীকার ঘোষণা করেছেন।
মঙ্গলকার লালদিঘী ময়দানে নাগরিক কমিটি আয়োজিত বিশাল জনসভায় মহিউদ্দিন চৌধুরী বলেন, আগামী মেয়াদের জন্যে মেয়র নির্বাচিত হলে তিনি স্বল্প মধ্য ও দীর্ঘ মেয়াদে এই ৪০ দফা বাস্তবায়ন করবেন।
৪০ দফার অন্যতম প্রধান হচ্ছে, সরকার থেকে কোনও অনুদান না নিয়ে সিটি গভর্নমেন্ট প্রতিষ্ঠা করা।
এছাড়াও আছে, সিটি করপোরেশন এর বর্ধিত এলাকায় ট্যাক্স না নেওয়া, ১৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুত কেন্দ্র স্থাপন, স্বাস্থ্য সেবা সম্প্রসারণ, প্রতিটি ওয়ার্ডে পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ইত্যাদি।
মেয়র নির্বাচনে কারচুপি ও ফলাফল ছিনতাই এর ব্যাপারে সরকারকে হুশিয়ারি দিয়ে বলেন, কোনও অবৈধ পন্থা অবলম্বন করা হলে চট্টগ্রামসহ সারা দেশে প্রলয় নেমে আসবে।
ইঞ্জিনিয়ার মাহমুদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় আওয়ামী লীগ নেতা আতাউর রহমান খান কায়সার , এমএ মান্নান, ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এবং জাসদ নেতা মহিউদ্দিন খান বাদল বক্তব্য রাখেন।
