খিলগাঁও ফ্লাইওভার নিয়ে মির্জা আব্বাসকে মুক্ত বিতর্কে আমন্ত্রণ জানালেন সাবের হোসেন
খিলগাঁও ফ্লাইওভার ইস্যু নিয়ে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাসকে যে কোনও স্থানে মুক্ত বিতর্কে আমন্ত্রণ জানিয়েছেন।
নিজ বাসভবনে মঙ্গলবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবের হোসেন বলেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর পছন্দসই স্থানে এলজিইডি প্রতিনিধি, ফ্লাইওভারের ঠিকাদার, পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে আমরা এক সাথে বসব এবং এই বিতর্কের মাধ্যমেই প্রকৃত সত্য বেরিয়ে আসবে।
ঢাকা-৬ আসনের (মতিঝিল-সবুজবাগ-খিলগাঁও) সাবেক সাংসদ সাবের হোসেন এবং বর্তমান জোট সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মীর্জা আব্বাসের মধ্যে চলতি মাসের ২৩ তারিখ উদ্বোধন করা খিলগাঁও ফ্লাইওভার নিয়ে বাকযুদ্ধ চলছে।
২৩ মার্চ এক সংবাদ সম্মেলনে সাবের বলেন, অবশেষে খিলগাঁও ফ্লাইওভার খুলে দেয়ায় আমরা খুশি। কিন্তু কিছু অংশ অসম্পূর্ণ থাকায় প্রায় দশ লাখ মানুষ ফ্লাইওভারের পুরোপুরি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।
ভবিষ্যতে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে অসম্পূর্ণ লুপের কাজ সমাপ্ত করা হবে। এতে ট্রাফিক ব্যবস্থাসহ ফ্লাইওভারের সুবিধা আরও উন্নত হবে।
এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে মার্চের ২৭ তারিখ আয়োজিত সংবাদ সম্মেলনে মীর্জা আব্বাস বলেন, খিলগাঁও ফ্লাইওভার নিয়ে সাবের হোসেনের বক্তব্য মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।
সাবের হোসেনের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ফ্লাইওভারের মূল নকশায় ওই লুপ সংযুক্ত ছিল না।
সাবের অভিযোগ করেন, ফ্লাইওভারের একটি গুরুত্বপূর্ণ লুপ বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে, প্রশস্ততা ১৫ মিটার থেকে ১৪ মিটারে হ্রাস করা হয়েছে, যা ট্রাফিক ব্যবস্থায় ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে। এছাড়া ফ্লাইওভারের কাজ শেষ হতে মাত্রাতিরিক্ত সময় লেগেছে।
ফ্লাইওভারের উদ্বোধনী দিন এবং পরবর্তী সংবাদ সম্মেলনে মীর্জা আব্বাসের বক্তব্যের উল্লেখ করে মঙ্গলবারের সংবাদ সম্মেলনে সাবের হোসেন বলেন, ফ্লাইওভার সম্পর্কে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সত্যিই কোনও ধারণা আছে কিনা, সে ব্যাপারে আমার সন্দেহ রয়েছে।
ফ্লাইওভারের অপর লুপটি সম্পন্ন করতে গেলে এলাকার হাজার হাজার বাড়িঘর ভেঙ্গে ফেলতে হবে, মীর্জা আব্বাসের এ বক্তব্যের প্রতিবাদে সাবের বলেন, অপর লুপের কাজ সম্পন্ন করতে ওই এলাকার একটি বাড়িও ভাঙ্গার প্রয়োজন নেই।
তিনি আরও বলেন, ফ্লাইওভার নিয়ে আমরা কোনও রাজনীতি করতে চাই না। আমরা জনগণকে প্রকৃত সত্য জানাতে চাই।
