পঞ্চগড় সীমান্তে বিডিআর ও বিএসএফ ফের মুখোমুখি, দুপক্ষের উত্তেজনা
পঞ্চগড়ের মাঝিপাড়ায় জিরোলাইন বরাবর পঞ্চগড় তেঁতুলিয়া মহাসড়ক ঘেঁষে ফের পরিখা খনন ও চা বাগানকে কেন্দ্র করে উভয় সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে। বিডিআর ও বিএসএফ উভয়ই সশস্ত্র অবস্থায় মুখোমুখি অবস্থান নিয়েছে। যে কোনো সময় দুদেশের মধ্যে সংর্ঘষের আশংকা রয়েছে।
এই চরম উত্তেজনাকর পরিস্থিতিতে সীমান্তে বসবাসকারী লোকজন বাড়িঘর ছেড়ে নিরাপদ দুরত্বে সরে যাচ্ছেন। পঞ্চগড় ২২ নম্বর রাইফেল ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর খিজির খাঁনসহ বিডিআরের উর্ধŸতন কর্মকর্তাবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়ক ঘেঁষে মাঝিপাড়া সীমান্তের ৪৩৫ নম্বর মেইন পিলারের এক নম্বর সাব পিলার এলাকার জিরোলাইনে শতাধিক ভারতীয় চা শ্রমিক মঙ্গলবার সকাল থেকে ভারতের নয়াবাড়ি সশস্ত্র বিএসএফ সদস্যদের প্রহরায় পরিখা খনন ও চা গাছের চারা রোপণ শুরু করে।
খবর পেয়ে মাঝিপাড়া বিওপির বিডিআর টহলদল তাতে বাধা দেয়। কিন্তু বিডিআরের বাধাকে উপেক্ষা করে ভারতীয়রা জিরোলাইন বরাবর পরিখা খনন ও চা বাগানের কাজ অব্যাহত রাখে। এ ঘটনার কড়া প্রতিবাদ জানিয়ে তাৎক্ষনিকভাবে বিডিআরের তেঁতুলিয়া কোম্পানী পর্যায় থেকে ফ্ল্যাগ মিটিং-এ বসার আহবান জানানো হয়।
বিডিআর সূত্র জানায়, কিন্তু বিএসএফ বিডিআরের পাঠানো ফ্ল্যাগ মিটিং-এর প্রস্তবনা সংক্রান্ত পত্রের জবাব না দিয়ে সীমান্তে বিপুল পরিমাণ সৈন্য সমাবেশ ঘটায়। এছাড়া তারা সীমান্ত সড়কের ঢালুতে বাঙ্কার খনন করে সড়কের ওপর একাধিক ঝুপড়ি ঘর করে বিএসএফ পাহারা দিচ্ছে।
বিডিআরও পাল্টা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুললে চা শ্রমিকরা এলাকা থেকে সরে যায়। তবে সীমান্তের সূত্রগুলো জানায়, বিএসএফ অসংখ্য শ্রমিককে সীমান্তে জড়ো করে রেখেছে। সীমান্তে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার পর যে কোনো সময় চা বাগান স্থাপনের কাজ পুনরায় শুরু করবে।
