২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গলবার সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের ভোট শুরু

ভোটার তালিকার ব্যাপারে আদালতে মামলা সত্ত্বেও মঙ্গলবার সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের (এসসিবিএ) নির্বাচনে ভোটগ্রহণ শুরু হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2005, 07:44 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

জাতীয়তাবাদী আইনজীবি ঐক্য পরিষদের সদস্য প্রার্থী এ্যডভোকেট মোহাম্মদ খালিকুজ্জামান ৪৯৩ জন সদস্যের বৈধতা চ্যালেঞ্জ করে ওই রিট আবেদনটি করেন। কিন্তু হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ সোমবার মামলার কার্যক্রম দু’ সপ্তাহের জন্য মূলতবি করেন।

আদালত দু’ সপ্তাহের মধ্যে এসসিবিএ’র ভোটার তালিকা পরীক্ষা করে এটর্নি জেনারেলকে একটি রিপোর্ট দাখিল করারও নির্দেশ দেন।

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবিরা বলছেন, সুপ্রিম কোর্ট বারের নির্বাচন বর্তমান ভোটার তালিকার ভিত্তিতেই অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান এটর্নি জেনারেল এএফ হাসান আরিফ সাংবাদিকদের বলেন, এসসিবিএ’র ভোটার তালিকা কোনও অনিয়ম থাকলে দু’সপ্তাহ পর হাইকোর্ট এ ব্যাপারে সিদ্ধান্ত দেবেন।

তিনি বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী এসসিবিএ’র নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে কোনও বাঁধা নেই। সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন দেশের আইনজীবিদের সবচেয়ে বড় সংগঠন। ভোটার তালিকা নিয়ে আইনজীবিদের মধ্যে কোনও ধরনের বিভেদ কাম্য নয়। বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান হিসাবে আমি মামলার শুনানির স্থগিতের আবেদন জানিয়েছিলাম, আদালত তা মঞ্জুর করেছেন।

এ্যডভোকেট টিএইচ খান এবং খন্দকার মাহবুব উদ্দিন আহমেদ আবেদনকারীদের পক্ষে শুনানিতে অংশ নেন। অন্যদিকে এসসিবিএ’র পক্ষে ছিলেন, ব্যারিস্টার এম আমিরুল ইসলাম।

সরকার সমর্থিত আইনজীবিদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবি ঐক্য পরিষদ এবং বিরোধী দল সমর্থিত সম্মিলিত আইনজীবি সমন্বয় পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।

জয়ের ব্যাপারে উভয় প্যানেলই আশাবাদী।

মঙ্গল ও বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। তবে ১টা থেকে ২টা পর্যন্ত দুপুরের খাওয়া ও নামাজের জন্য বিরতি থাকবে।

এবারের নির্বাচনে ১,৫৪৭জন আইনজীবি ভোট প্রদান করবে।