২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি মহাসচিবের বক্তব্য দায়িত্বজ্ঞানহীন: জলিল

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল জাসাসের আলোচনা সভায় বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার দেওয়া বক্তব্যকে দায়িত্বজ্ঞানহীন বলে অভিহিত করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2005, 08:00 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

মান্নান ভূঁইয়ার বক্তব্যের জবাবে রোববার দেওয়া এক বিবৃতিতে আব্দুল জলিল বলেন, বন্দুকের নলের মাধ্যমে ক্ষমতায় আসার পর যে দলের জন্ম, সেই দলের মহাসচিবের মুখে এ ধরণের বক্তব্য শুধু অবাস্তবই নয়, হাস্যকরও বটে।

শনিবার পল্টন ময়দানে জাসাস আয়োজিত আলোচনা সভায় মান্নান ভূঁইয়া ‘আওয়ামী লীগের কাছে দেশ বা দেশের মানুষ বড় নয়, ক্ষমতাই বড়’ বলে মন্তব্য করেন।

আব্দুল জলিল বলেন, বাংলাদেশের মানুষের আশা-আকাংখা ও স্বপ্ন পূরণের উদ্দেশ্যেই আওয়ামী লীগের জন্ম হয়েছিলো। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধিকার ও স্বাধীনতার লড়াইয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগই নেতৃত্বের ভূমিকা পালন করেছে।

তিনি বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে গঠিত মুজিবনগর সরকারের অধীনেই মান্নান ভূঁইয়ার দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন।