২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর সেজ বোন আমেনা সেরনিয়াবাতের জানাযা সম্পন্ন : বনানী গোরস্থানে দাফন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেজ বোন ও সাবেক চীফ হুইপ আবুল হাসনাত আব্দুল্লাহর মা আমেনা সেরনিয়াবাতের প্রথম নামাজে জানাযা শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2005, 01:00 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

পরে বাদ জুম্মা বায়তুল মোকাররম জাতীয় মসজিদ চত্বরে দ্বিতীয় নামাজে জানাযা শেষে মরহুমার লাশ বনানী গোরস্থানে দাফন করা হয়েছে।

সেখানে মরহুমার স্বামী এবং ’৭৫-এর ১৫ আগষ্টের শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের কবরের পাশেই তাকে সমাহিত করা হয়।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জিল্লুর রহমান, আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, ড. মহিউদ্দিন খান আলমগীর, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক চীফ হুইপ আবুল হাসনাত আব্দুল্লাহ, যুবলীগ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক, সাধারণ সম্পাদক মির্জা আযমসহ আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নামাজে  জানাযায় অংশ নেন।

এর আগে বঙ্গবন্ধু এভিনিউতে মরহুমার কফিনে আওয়ামী লীগের কেন্দ্রীয় ও বরিশাল জেলা শাখাসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

আমেনা সেরনিয়াবাত বৃহস্পতিবার সন্ধ্যায় তার ধানমণ্ডির বাসভবনে ইন্তেকাল করেন। তার স্বামী আব্দুর রব সেরনিয়াবাত ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের সাথে নিহত হন। ওই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছিলেন আমেনা সেরনিয়াবাত।