কিবরিয়া হত্যাকাণ্ডের চার্জশীট গ্রহণযোগ্য নয়: জলিল
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি কিবরিয়া হত্যাকাণ্ডের চার্জশীট ‘গ্রহণযোগ্য নয়’ বলে উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছেন।
সোমবার বিডিনিউজ-এর সাথে আলাপকালে তিনি বলেন, এটা হচ্ছে এক ধরনের আইওয়াশ করার চেষ্টা।
তিনি বলেন, কিবরিয়া হত্যাকাণ্ডের পেছনে কে বা কারা আছে, তা’ এই চার্জশীটে বলা হয়নি। কাইয়ুম নামে যাকে মূল অভিযুক্ত করা হয়েছে, সে স্রেফ ‘বলির পাঁঠা’ হয়েছে বলে তিনি মত প্রকাশ করেন।
জলিল বলেন, সরকারের যদি সত্যিকারের সদিচ্ছা থাকতো, তা’হলে তদন্তও হতো নিরপেক্ষ আর সুষ্ঠু।
শুধু এফবিআই’র পক্ষেই এই হত্যা রহস্যের যথাযথ তদন্ত এবং রহস্য উন্মোচন সম্ভব, যদি তারা স্বাধীন ভাবে কাজ করতে পারে।
