কিবরিয়া হত্যার প্রতিবাদে ২৪ মার্চ নিহত’র ছয় বোনের প্রতীক অনশন
আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ্ এএমএস কিবরিয়া হত্যাকাণ্ডের প্রতিবাদে নিহত’র ছয় বোন ২৪ মার্চ বৃহস্পতিবার প্রতীক অনশন করবেন।
বিকেল সাড়ে ৪টায় ঢাকার শ্যামলী ১ নম্বর সড়কে অনুষ্ঠেয় এ কর্মসূচিতে তার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও সাধারণ মানুষ নীল পোশাক পড়ে অংশ নেবেন।
এছাড়া ২৮ মার্চ বিকেলে কিবরিয়া হত্যার বিচার দাবিতে সংগৃহীত ‘গণস্বাক্ষর চাদর’ সেলাইয়ের পর ৩১ মার্চ বিকেলে তা মানিক মিয়া এভিনিউতে প্রদর্শন করা হবে। সেখানে সন্ত্রাস বিরোধী পোষ্টারও প্রদর্শিত হবে।
কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া রোববার বিডিনিউজ-কে জানান, দেশ-বিদেশ থেকে গণস্বাক্ষরের দেড় শতাধিক চাদর তাদের কাছে এসে পৌঁছেছে। সেলাইয়ের পর এর দৈর্ঘ্য এতো লম্বা হবে যে, এটি গিনেস বুক অব রেকর্ড-এ অন্তর্ভুক্ত হতে পারে।
তিনি জানান, ৩০ মার্চ বিকেলে কিবরিয়ার ধানমণ্ডির বাসায় অনুষ্ঠেয় সংবাদ সম্মেলন থেকে নৃশংস এ হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিশ্ব জনমত গঠণের জন্য পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
