২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সকল থানা ও উপজেলায় বিএনপির সমাবেশ

দেশের সকল থানা ও উপজেলায় অনুষ্ঠিত সমাবেশে শনিবার বিএনপি নেতৃবৃন্দ আওয়ামী লীগকে হরতাল পরিহার করার আহ্বান জানিয়েছেন। তারা বলেন, হরতাল মানুষের দুর্ভোগ বাড়িয়ে তোলা ছাড়া আর কিছুই করতে পারে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2005, 09:45 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

দেশব্যাপী সমাবেশে নেতৃবৃন্দ ‘চার দলীয় জোটের বিরুদ্ধে আওয়ামী লীগের ষড়যন্ত্র’ সম্পর্কে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন।

‘ষড়যন্ত্র ও হরতালের মাধ্যমে দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট’ করার জন্য  আওয়ামী লীগের অপচেষ্টার কঠোর সমালোচনা করে তারা বলেন,  বিএনপি জনগণকে সাথে নিয়ে  আওয়ামী লীগের ধ্বংসাত্মক উপায়ে ক্ষমতায় যাওয়ার সকল প্রচেষ্টাকে প্রতিহত করবে।

নগরীর লালবাগে আজাদ মাঠে অনুষ্ঠিত এক সমাবেশে ঢাকা মহানগর বিএনপি’র সভাপতি সাদেক হোসেন খোকা বলেন, হরতালের নামে আওয়ামী লীগ সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করছে।

তিনি বলেন, আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সংস্কার দাবি করেছে। কিন্তু আজ পর্যন্ত তারা এ ব্যাপারে কোনও সুনির্দিষ্ট নীতিমালা দিতে পারেনি। নীতিমালা দিতে না পারলেও চারদলীয় জোট এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে তারা ওস্তাদ।  তারা জনগণকে বোকা বানাতে চায়।

নাসিরউদ্দিন আহমেদ পিন্টু এমপি’র সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপি সাধারণ সম্পাদক আবদুস সালাম।