বিচারকদের অবসর গ্রহণের বয়স বৃদ্ধির পেছনে কোন অসৎ উদ্দেশ্য নেই: বিডিনিউজকে আইনমন্ত্রী
বিচারপতিদের অবসর গ্রহনের বয়স বৃদ্ধি করে সরকার আগামী সাধারন নির্বাচন পরিচালনায় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে নিজেদের পছন্দের লোককে বসাতে চায় বলে বিরোধী দল যে অভিযোগ করছে তা প্রত্যাখান করেছেন আইনমন্ত্রী ব্যারিষ্টার মওদুদ আহমেদ।
তিনি বলেন, অন্তর্বর্র্তীকালীন তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে বিচারপতিদের অবসর গ্রহনের বয়স বৃদ্ধির কোন সম্পর্ক নেই।
মওদুদ আহমেদ বলেন, বিচার বিভাগকে আরো শক্তিশালী করতেই এ পদক্ষেপ গ্রহণ করা হয়। এর ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, দু’ বছর সময়ের ব্যবধানে ২১ জন বিচারপতির অবসর নির্ধারিত ছিল। এতে বিচার বিভাগে এক ধরনের শূণ্যতা তৈরি হতো। অথচ জনসাধারণকে ন্যায়বিচার প্রদানের জন্য আমাদের প্রয়োজন অভিজ্ঞ, যোগ্য এবং দক্ষ বিচারক।
বিডিনিউজের সাথে এক সাক্ষাতকারে মওদুদ আহমেদ তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়েও বিশদ আলোচনা করেন। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় পরিবর্তন আনার জন্য আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় কিছু বলেনি। আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরাও তখন নীরব ছিলেন। তিনি এর সমালোচনা করেন।
আইনমন্ত্রী বলেন, কোন একজন ব্যক্তির সুবিধার কথা বিবেচনা করে বিচারকদের অবসর গ্রহনের সময়সীমা বাড়ানো হয়নি। কেননা আপীল বিভাগ এবং হাই কোর্টের ৭২ জন বিচারকই এর সুবিধা পাবেন।
মন্ত্রী আরো বলেন, “আমাদের যদি কোন খারাপ উদ্দেশ্য থাকতো তাহলে আমরা শুধু আপীল বিভাগের সাত বিচারপতির অবসর গ্রহনের সময়সীমা বৃদ্ধি করতাম, অবসর গ্রহণ করতে যাচ্ছেন হাই কোর্টের এমন বিচারপতিদের অর্ন্তভুক্ত করতাম না।”
তিনি বলেন, আওয়ামী লীগ ১৯৯৬-২০০১ সময়কালে ক্ষমতায় ছিল, কিন্তু সেসময় একবারও তত্ত্বাবধায়ক সরকারে পরিবর্তন আনার বিষয়টি উত্থাপন করেনি। ২০০১ সালের নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকেই আওয়ামী লীগ এ দাবিটি জানিয়ে আসছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, এ থেকে বোঝা যায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় পরিবর্তন আনার পেছনে আওয়ামী লীগের খারাপ উদ্দেশ্য নিহিত রয়েছে।
মওদুদ আহমেদ বলেন, তত্ত্বাবধায়ক সরকার বিষয়টি ইতিমধ্যে নিষ্পত্তি হয়ে গেছে। এটি সংবিধানের একটি অপরিহার্য অংশে পরিণত হয়েছে। এই ব্যবস্থায় দুটি নির্বাচনও অনুষ্ঠিত হয়েছে - যার একটিতে জয়লাভ করে আওয়ামী লীগ এবং অন্যটিতে বিএনপি ।
মওদুদ বলেন, ১৯৯৬ সালের নির্বাচনে জয়লাভের পর আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রশংসা করে এবং এও বলে যে, এই ব্যবস্থার কারনেই তারা জনগনের ভোট পেয়েছে। কিন্তু ২০০১ সালের নির্বাচনে পরাজিত হয়ে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে।
আওয়ামী লীগের তত্ত্বাবধায়ক সরকার আইনের সংশোধন সংক্রান্ত দাবির বিষয়ে আইনমন্ত্রী বলেন, সংবিধান একটি পবিত্র জিনিস, বারবার একে পরিবর্তন করা ঠিক নয়। এর ফলে প্রত্যেক নির্বাচনের পর পরাজিত দল তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিতে পরিবর্তন বা সংশোধন দাবি করতে থাকবে।
তিনি বলেন, যে কোন অবস্থায়ই আমাদের সংবিধান মোতাবেক সংসদীয় ব্যবস্থা এবং তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির প্রতি সম্মান প্রদর্শন করতে হবে এবং তা সমুন্নত রাখতে হবে।
নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং কালো টাকার প্রভাব মুক্ত করতে আইনমন্ত্রী বিরোধী দলের সাথে আলোচনার কথা বলেন। তবে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার আইনের সংশোধন প্রশ্নে আওয়ামী লীগের দাবির কোন যৌক্তিক ভিত্তি নেই।
আওয়ামী লীগ ছাড়া অন্যান্য বিরোধী দলগুলোর তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ও নির্বাচন ব্যবস্থায় সংশোধন সংক্রান্ত একই দাবির বিষয়ে তিনি বলেন, যেহেতু ওই দলগুলোর সংসদে কোন প্রতিনিধিত্ব নেই, তাই তাদের সাথে আলোচনার প্রশ্নই উঠে না।
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে একজন সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিকে নিয়োগদানের বিষয়ে আওয়ামী লীগ যে দাবি জানিয়েছে তার উত্তরে মওদুদ প্রশ্ন করেন, “এমন কোন ব্যক্তি কি আছেন যিনি সবার কাছে গ্রহণযোগ্য হবেন? এটা কি সম্ভব?”
তিনি প্রশ্ন রেখে আরো বলেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে যদি সবার কাছে গ্রহণযোগ্য কোন ব্যক্তি না পাওয়া যায় তাহলে কি নির্বাচন হবে না?
