২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিবির কর্মী প্রহৃত হবার ঘটনায় ঢাবিতে উত্তেজনা: অতিরিক্ত পুলিশ মোতায়েন

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মঙ্গলবার বিরোধী দলীয় ছাত্র সংগঠন কর্তৃক ইসলামী ছাত্র শিবিরের দু‘জন কর্মী এবং দৈনিক সংগ্রামের বিশ্ববিদ্যালয় প্রতিনিধিকে প্রহারের ঘটনাকে কেন্দ্র করে বুধবারও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2005, 07:45 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

বাংলাদেশ ছাত্রলীগ এবং অন্য পাঁচটি ছাত্র সংগঠনের সমন্বয়ে গঠিত সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা বিরোধী ছাত্রজোট ঢাবি ক্যাম্পাসে এবং সকল শিক্ষাঙ্গনে ছাত্র শিবিরের রাজনীতি বন্ধ করার দাবী জানিয়ে বুধবার ক্যাম্পাসে মিছিল বের করে। এ সময় ইসলামী ছাত্র শিবিরের কর্মীদের ছোট ছোট দলে বিভক্ত হয়ে ক্যাম্পাসে ঘোরাফেরা করতে দেখা যায়। কোন রকম সংঘর্ষ এড়াতে সকাল থেকেই ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল।

মঙ্গলবারের ঘটনায় ইসলামী ছাত্র শিবির সুষ্ঠু তদন্ত ও দোষীদের উপযুক্ত শাস্তি দেবার দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর একটি স্মারকলিপি পেশ করে।  ঢাবি প্রক্টর অধ্যাপক ফিরোজ আহমেদ এ স্মারকলিপি গ্রহণ করেন। ঢাবি ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মো. বেলাল হোসেন বিডিনিউজকে জানায়, তারা শান্তিপূর্ণ উপায়ে বিরোধীদলীয় ছাত্র জোটের এ হামলার প্রতিবাদ করবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি হামলার বিষয়ে ছাত্রলীগের সভাপতি লিয়াকত সিকদারের সাথে কথা বলার চেষ্টা করলে তিনি এতে অসম্মতি প্রদান করে। ওদিকে সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা বিরোধী ছাত্রজোটের নেতারা ক্যাম্পাসে একজন সাংবাদিককে আক্রমনের অভিযোগ অস্বীকার করে।