২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শান্তিচুক্তি বিরোধী ইউপিডিএফ’র ৩৭ জন আটক

জেলার পাঁচলাইশ থানা পুলিশ শান্তিচুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের ৩৭ জন নেতা-কর্মীকে বুধবার আটক করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2005, 05:51 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

পুলিশ জানায়, আটককৃতদের মধ্যে ছাত্র পরিষদের সভাপতি রূপন চাকমা ও সাধারণ সম্পাদক দীপংকর ত্রিপুরা রয়েছেন।

জানা যায়, আটককৃতরা ষোলশহর এলাকায় ‘বিয়ে বাড়ি’ নামক একটি কমিউনিটি সেন্টারে গোপন কোনও কার্যক্রম চালানোর উদ্দেশে জড়ো হয়। পাঁচলাইশ থানা পুলিশ সেখান থেকে ভোর ৪টার দিকে তাদের আটক করে। তাদের কাছ থেকে একটি ভিডিও ক্যামেরা ও তিনটি সিডি উদ্ধার করা হয়।

সিএমপি আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য এসি জিয়াউল কবিরের নেতৃত্বে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে। এখনও তাদের গ্রেফতার করা হয়নি।

পাঁচলাইশ থানার ওসি রফিক উল্লাহ বিডিনিউজকে জানান, ওই কমিটির রিপোর্টের ভিত্তিতে আটককৃতদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আটককৃতরা বলছে, পাহাড়িদের আসন্ন তিন দিনের চৈত্র সংক্রান্তির উৎসব ও রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা উপলক্ষে তারা পাঁচদিনের জন্য ওই কমিউনিটি সেন্টারটি ভাড়া করে। ১৩ থেকে ১৭ মার্চ পর্যন্ত কর্মশালা হওয়ার কথা।

ওসি রফিক জানান, আটককৃতরা কর্মশালার জন্য পুলিশের অনুমতি নেয়নি।