ঢাবি ক্যাম্পাসে শিবির কর্মী প্রহৃত
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মঙ্গলবার সকালে সরকার বিরোধী ছাত্র সংগঠনের কর্মীদের পিটুনিতে দুই শিবির কর্মী আহত হয়েছে।
আহত শিবির কর্মী সিরাজুল ইসলাম এবং ফজলুল হাসান ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র । তারা সার্জেন্ট জহুরুল হক হলে থাকে।
গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকালে ‘সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা বিরোধী ছাত্র জোট’ কলাভবনের সামনে সমাবেশের আয়োজন করে। এ সময় ইসলামী ছাত্র শিবিরের ওই দুই কর্মী জোটের কর্মীদের রোষানলে পড়ে।
ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মো. আখতারুজ্জামান জানান, এই দুজনের ব্যাগে শিবিরের সাংগঠনিক বই পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি দেলোয়ার হোসেনের নেতৃত্বে ছাত্রলীগের কর্মীরা তাদের মারধোর করে।
এ সময় ছাত্রলীগ কর্মীরা তাদের সাংগঠনিক বইগুলো পুড়িয়ে ফেলে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, ঘটনার ব্যাপারে দোষী ব্যক্তিদের শাস্তি দাবি করে তারা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে অভিযোগ করেছেন।
এ ব্যাপারে প্রক্টর অধ্যাপক এ কে ফিরোজ আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি শিবির কর্মীদের অভিযোগের কথা স্বীকার করেন।
