২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমি সন্ত্রাসের শিকার: মাদ্রিদে শেখ হাসিনা

আওয়ামী লীগ সভানেত্রী ও সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা মঙ্গলবার মাদ্রিদে একটি আন্তর্জাতিক সম্মেলনে নিজেকে সন্ত্রাসের শিকার হিসেবে উল্লেখ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2005, 09:27 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

গণতন্ত্র, সন্ত্রাসবাদ এবং নিরাপত্তা বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ বক্তার ভাষণে শেখ হাসিনা বলেন, ১১ মার্চ ২০০৪ স্পেনে যা ঘটেছে ২১ আগস্ট ২০০৪ বাংলাদেশে ঠিক একই ঘটনা ঘটেছে।

আবেগজড়িত কন্ঠে শেখ হাসিনা বলেন, ওই দিন আমিই ছিলাম সন্ত্রাসী হামলার লক্ষ্য। ওই হামলায় আমার সহকর্মী এবং দলীয় কর্মীরা নিহত হয়েছে। আমি কিছুটা আহত হলেও আমার পার্টির নেতাকর্মীরা তাদের জীবন বাজি রেখে আমাকে রক্ষা করেছিলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভয়াবহ সন্ত্রাসী হামলায় আমি আমার মা,বাবা, তিন ভাই এবং পরিবারের অন্য সদস্যদের হারিয়েছি।

সাবেক রাষ্ট্র ও সরকার প্রধানদের অংশগ্রহণে ক্লাব ডি মাদ্রিদ এই সম্মেলনের আয়োজন করে। প্রায় ৫২টি দেশের ২০০ প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়েছেন।

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশের একটি চিত্র তুলে ধরেন।তিনি বলেন, দীর্ঘ ঐতিহাসিক সংগ্রামের পর ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশের জনগণ অসাম্প্রদায়িকতাসমৃদ্ধ ঐতিহ্যের কারণে গর্ববোধ করে।

তিনি আরও বলেন, ধর্ম ভিত্তিক উগ্রতা, সংঘর্ষ এবং সন্ত্রাসবাদের মত সমস্যা সত্যিকারের গণতন্ত্রের মাধ্যমে সমাধান করা যায়।

সত্যিকারের গণতন্ত্র সকলের প্রতি সহনশীলতা এবং বর্ণ, ধর্ম ও লৈঙ্গিক সমতার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। সত্যিকারের গণতন্ত্রে অবশ্যই আইনের শাসন থাকতে হবে।

গণতন্ত্র মানেই নির্বাচনী প্রক্রিয়া নয়।

তিনি বলেন, নিরাপত্তার ব্যপারে আমাদের অবশ্যই মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল বৈশ্বিক দৃষ্টিভঙ্গি থাকতে হবে।

জনগণের গণতান্ত্রিক অধিকার, ক্ষুধামুক্ত বিশ্ব এবং সত্যিকারের গণতন্ত্র অর্জনের জন্যে বিশ্ব সম্প্রদায়কে একযোগে কাজ করতে হবে।

অহিংস সংস্কৃতি এবং শান্তি নিশ্চিত করতে আমাদেরকে একটি বিশ্ব সুশীল সমাজ গঠন করে কজ করে যেতে হবে।