২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি মহাসচিব বিরোধী দলকে সংসদে যোগদানের আহ্বান জানিয়েছেন

বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়া বিরোধী দলকে সংসদে যোগদানের আহ্বান জানিয়েছেন। তিনি বিরোধী দলের উদ্দেশ্যে বলেন, আপনাদের বলার কিছু থাকলে সংসদে কথা বলুন। সংসদে আপনাদের জন্য সময় নির্ধারিত আছে। অপপ্রচার করে জনগণকে বিভ্রান্ত করবেন না। অপপ্রচার করে সংসদকে অকার্যকর করার চেষ্টা করবেন না, এতে আপনারা নিজেরাই অকার্যকর হয়ে যাবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2005, 08:32 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

রোববার রাজধানীর মুক্তাঙ্গনে মহানগর বিএনপি আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ‘হরতাল, সন্ত্রাস, নৈরাজ্য, বোমাবাজি এবং ষড়যন্ত্রের’ প্রতিবাদে চারদলীয় জোটের ঘোষিত দেশব্যাপি কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করা হয়। জোটের অপর শরীক জামায়াতে ইসলামীও বায়তুল মোকাররম উত্তর গেটে এক সমাবেশের আয়োজন করে।

বিএনপির সভায় সভাপতিত্ব করেন মহানগর কমিটির সভাপতি ও ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা। বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, আইনমন্ত্রী ব্যারিষ্টার মওদুদ আহমদ, কৃষিমন্ত্রী এমকে আনোয়ার, গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাস, শ্রম প্রতিমন্ত্রী আমানুল্লাহ আমান, সংস্কৃতি প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান, বাণিজ্য উপদেষ্টা বরকতউল্লাহ বুলু প্রমুখ।

মান্নান ভূঁইয়া বলেন, বিরোধী দলের আন্দোলনের মূল উদ্দেশ্য হচ্ছে বিদেশে দেশের ভাবমূর্তি বিনষ্ট করা। সার্ক সম্মেলন বিএনপি’র সম্মেলন ছিল না, এটা ছিল দেশের ভাবমূর্তি ও সম্মানের সম্মেলন। আওয়ামী লীগ এ সম্মেলন বানচাল করে দেশের ভাবমূর্তি বিনষ্ট করেছে।

তিনি বলেন, তত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সরকার যা কিছু করা সম্ভব তার সবই করবে।

সম্প্রতি অনুষ্ঠিত দাতাদের বৈঠক সম্পর্কে বিএনপি মহাসচিব বলেন, বিদেশী সাহায্য কোনো দেশের জন্য আসে না। এ সাহায্য আসে দেশের মানুষের জন্য। আওয়ামী লীগ দাতাদের সাথে বৈঠক করে, জাতিসংঘে চিঠি দিয়ে সরকারকে সাহায্য না করার জন্য বলেছে।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, আওয়ামী লীগ দেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে। তারা দেশের বিনিয়োগে আগ্রহীদের বিনিয়োগের পরিবেশ বিনষ্ট করছে।

মান্নান ভূঁইয়া বলেন, আওয়ামী লীগ বিদেশে গিয়ে ভাবমূর্তির ক্ষতিগ্রস্ত করতে দেশের উগ্র মৌলবাদের বিস্তারের কথা বলে। সম্প্রতি যারা ধরা পড়েছে, তারা তালেবান কিনা জানিনা। তবে বাংলাদেশের মানুষ ধর্মভীরু, তারা উগ্র বা মৌলবাদী নয়।

তিনি দলের পক্ষে নতুন কর্মসূচি হিসেবে ১৯ মার্চ দেশের প্রতিটি উপজেলা সদর এবং সিটি করপোরেশন এলাকার থানায় সভা-সমাবেশ অনুষ্ঠানের ঘোষণা দেন। এ সমাবেশ ২০ মার্চ বিরোধী দলের মানব-প্রাচীর কর্মসূচির আগের দিন অনুষ্ঠিত হবে।