নওগাঁর মান্দায় ১১ ব্যক্তিকে চিঠি দিয়ে চাঁদা দাবি করেছে হরকাতুল জিহাদ
নওগাঁর মান্দা উপজেলার শিক্ষক, রাজনৈতিক নেতা, চিকিৎসক ও ব্যবসায়ীসহ স্থানীয় ১১ জন বিশিষ্ট ব্যক্তির কাছে চাঁদা দাবি করে চিঠি পাঠিয়েছে হরকাতুল জিহাদ নামের একটি সংগঠন।
চিঠির পরিপ্রেক্ষিতে মান্দায় সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ ব্যাপারে থানায় দায়ের করা জিডিতে সংশ্লিষ্টরা উল্লেখ করেছেন, ২০ লাখ টাকা চাঁদা না পেলে তাদেরকে হত্যা করা হবে। থানার এক সূত্র জানায়, হরকাতুল জেহাদ নামের ওই সংগঠনের প্যাডে বিলি করা চিঠির সবগুলোর প্রেরক সংগঠনের সেকেন্ড ইন কমান্ড বলে দাবিদার আব্দুল্লাহ ইবনে জাহেদ। সংগঠনের প্যাডে লাল কালিতে লেখা চিঠিতে আরও বলা হয়, ওই সংগঠনের পেছনে লাগলে তার অবস্থা হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ইউনুসের মতো।
