বুধবার ছাত্রলীগ বিহীন চমেকসু নির্বাচন
ছাত্রলীগের ছাড়াই বুধবার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ছাত্র সংসদ (চমেকসু) ২০০৫--০৬ সেশনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।। এবারের নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্র শিবির ও ছাত্র ইউনিয়ন প্রতিদ্বন্দ্বিতা করছে।
ছাত্রলীগকে অঘোষিতভাবে ক্যাম্পাস থেকে বিতাড়িত করায় ছাত্রলীগ নির্বাচনে অংশ নিতে পারছেনা।
ছাত্র ইউনিয়ন পৃথক প্যানেল দিলেও নির্বাচনে মূলত ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে লড়াই হবে বলে সাধারণ ছাত্রছাত্রীদের ধারণা।
এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ৯০৮ জন। সকাল ৯টায় শুরু হয়ে বিরতিহীনভাবে বেলা ১টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
নির্বাচনে ছাত্রদল ও ছাত্র শিবির উভয় সংগঠনই বিজয়ের ব্যাপারে আশাবাদী। জোট সরকার ক্ষমতায় আসার পরও গতবারের পরাজয়কে বিজয়ে রূপ দিতে শিবির এবার কৌশল পাল্টে ভিন্নভাবে মাঠে নেমেছে।
নির্বাচনী প্রচারণার জন্যে ক্যাম্পাসে তারা চলচ্চিত্র উৎসবেরও আয়োজন করে। উৎসবে ইংরেজী ছবির পাশাপাশি মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্রও দেখানো হয়।
ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র ইউনিয়ন নিলেও অদৃশ্য কারণে তাদের প্রচার প্রচারণা তেমন একটা চোখে পড়েনি।
এদিকে ছাত্রলীগ নির্বাচনে অংশ নিতে না পারায় ক্যাম্পাসে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। চমেকসু নির্বাচনে টানা ১৪ বার বিজয়ী ছাত্রলীগকে ২০০১ সালে জোট সরকার ক্ষমতা গ্রহণের পর ক্যাম্পাস থেকে বিতাড়িত করে ছাত্র শিবির ও ছাত্রদল ক্যাম্পাসের দখল নেয়।
গত চার বছর ধরেই ছাত্রলীগ বিহীন নির্বাচনে শিবিরকে হারিয়ে পূর্ণ প্যানেলে বিজয়ী হয়ে আসছে ছাত্রদল।
