২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম ঢাকা নগর পদক বিতরণ অনুষ্ঠিত

ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) প্রবর্তিত প্রথম ‘ঢাকা নগর পদক-- ২০০৪’ মঙ্গলবার বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2005, 04:09 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

নগর ভবন মিলনায়তনে এক অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া এ পদক বিতরণ করেন। প্রায় একবছর আগে এ পদক বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

পুরস্কার হিসেবে বিজয়ীদের প্রত্যেককে নগদ ৫০ হাজার টাকা, একটি দুই ভরি ওজনের স্বর্ণপদক এবং একটি সম্মাননাপত্র দেওয়া হয়।

ডিসিসি মোট নয়টি বিষয়ের ওপর পদক দেওয়ার সিদ্ধান্ত নিলেও ২০০৪ সালের জন্যে মাত্র চারটি বিষয়ে পদক দেয়। তবে মেয়র সাদেক হোসেন খোকা আগামীতে নগর বিষয়ক রিপোর্টিংয়ের জন্যেও পুরস্কার প্রবর্তনের ঘোষণা দেন।

সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রে সাপ্তাহিক বেগম পত্রিকার সম্পাদক নূরজাহান বেগম, স্বাস্থ্যসেবা ক্ষেত্রে ঢাকা আহছানিয়া মিশনের পক্ষে সভাপতি ও প্রধান নির্বাহী কাজী রফিকুল ইসলাম, সমাজকল্যাণ ক্ষেত্রে নিরাপদ সড়ক চাই আন্দোলনের পক্ষে সভাপতি চিত্রাভিনেতা ইলিয়াস কাঞ্চন এবং ক্রীড়া ক্ষেত্রে ওয়ারী ক্লাবের পক্ষে সভাপতি ও ঢাকার জেলা প্রশাসক আব্দুল বারী পদক ও পুরস্কার গ্রহণ করেন।

পুরস্কার বিতরণ শেষে বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া বলেন, এসকল গুণী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পদক দিয়ে ঢাকা সিটি করপোরেশন নিজেকেই সম্মানিত করেছে। সিটি করপোরেশন তাদের কাজের পরিধির বাইরে এ কাজ করেছে, সমাজের উন্নয়নে ভূমিকা রাখবে।

তিনি বলেন, এককভাবে কোনো সরকার বা সংস্থা দেশের উন্নয়ন করতে পারে না। স্থানীয় সরকার, কেন্দ্রীয় সরকার ও জনগণ একযোগে কাজ করলে উন্নয়ন দ্রুত সম্ভব। এজন্যে দেশের প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে। প্রতিটি ক্ষেত্রেই আমাদের নিজেদের সজাগ থাকতে হবে।

ডিসিসি মেয়র সাদেক হোসেন খোকার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের সচিব এএইচএম আবুল কাশেম, ডিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সাইফুদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে পদকপ্রাপ্ত গুণী ব্যক্তিবর্গও তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।