২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি - জামাত জোট জঙ্গিবাদকে ব্যবহার করে নির্বাচন নিয়ন্ত্রণ করতে চায়: বি. চৌধুরী

সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারা চেয়ারম্যান অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী জোট সরকারের অংশগ্রহণ এবং নিয়ন্ত্রণে দেশে জঙ্গি হামলা চলছে অভিযোগ করে বলেছেন, জঙ্গিবাদকে ব্যবহার করে তারা নির্বাচন নিয়ন্ত্রণ করতে চায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2005, 02:26 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

মঙ্গলবার ঢাকায় জঙ্গিবাদ বিরোধী এক সংলাপ অনুষ্ঠানে তিনি বলেন, স্বাধীনতার বিপক্ষ শক্তি বিএনপি - জামাত জোট গণতন্ত্রকে পাকাপোক্তভাবে ধ্বংস করেছে। এখন উগ্র সাম্প্রদায়িক জঙ্গিবাদকে নির্বাচনের কাজে ব্যবহার করবে তারা। তাই অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে হলে জঙ্গিবাদকে সম্পূর্ণভাবে নির্মূল করতে হবে। এজন্য মুক্তিযুদ্ধের পক্ষের সকল রাজনৈতিক দল ও সংগঠনকে সমঝোতার মাধ্যমে নীতিগতভাবে ঐকমত্য সৃষ্টি করতে হবে।

বিকল্প ধারা বাংলাদেশ’র সঙ্গে বাংলাদেশ তরিকত ফেডারেশনের এ সংলাপ অনুষ্ঠিত হয় বি. চৌধুরীর বারিধারার কেসি মেমোরিয়াল কার্যালয়ে।

অনুষ্ঠানে তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারি বলেন, আমাদের এক দফা হচ্ছে, স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র বিপন্নকারী ও জঙ্গিবাদের মদদদাতা বিএনপি - জামাত জোটকে ক্ষমতায় আসতে দেব না। এজন্য মুক্তিযুদ্ধের পক্ষের ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী সকল দল ও শক্তিকে ন্যুনতম ছাড় দিয়ে হলেও ঐক্য গড়ে তুলতে হবে।

তিনি বলেন, বিএনপি জামাত জোট ইসলাম ও জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সন্ত্রাসী বোমাবাজ জঙ্গিবাদের সৃষ্টিকর্তা জোট সরকার নির্বাচনে এই বোমা ব্যবহার করবে। 

তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, আগামী নির্বাচনে জোটের কমপক্ষে ১২০ টি আসন কমে যাবে। বর্তমান মন্ত্রী সভার অর্ধেক সদস্যকে এমপি হতে দেবনা আমরা।

বিকল্প ধারার সদস্য সচিব মেজর (অব:) আব্দুল মান্নান বলেন, প্রধানমন্ত্রী খালেদা জিয়া সন্ত্রাসী খুনি বোমাবাজ জামাতকে সঙ্গে নিয়ে আরও ২০ বছর ক্ষমতায় থাকার ষড়যন্ত্র করছেন। কিন্তু ২০ বছর কেন, আর পাঁচ বছর তারা ক্ষমতায় থাকলেই দেশের মানুষ কংকালে পরিনত হবে। খালেদা জিয়া আসলে কংকালের ব্যবসায় নেমেছেন।

নেতৃবৃন্দ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করতে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের দাবি জানান।   

অনুষ্ঠানে বিকল্প ধারা নেতা ড. মোজাফ্ফর আহমেদ, শেখ নাদির আহমেদ, শাহ্ আহমেদ বাদল এবং তরিকত ফেডারেশন নেতা হাবীবুল বশর মাইজভাণ্ডারি, মাওলানা মো: শহীদুল্লাহ্, সৈয়দ শাহ্ নূরে বেলাল সুরেশ্বরী ও সৈয়দ রেজাউল হক চাঁদপুরী উপস্থিত ছিলেন।