জোট সরকারের পরিণতি বিগত সরকারের চেয়ে ভয়াবহ হতে বাধ্য: চরমোনাই পীর
দেশের ভয়াবহ বিপর্যয়ের জন্যে জোট সরকারকে অবশ্যই জবাব দিতে হবে। সরকার দায়ভার এড়াতে যে টালবাহানা করছে, তাতে জোট সরকারের পরিণতি বিগত সরকারের চেয়ে ভয়াবহ হতে বাধ্য।
ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আমীর চরমোনাই পীর মাওলানা সৈয়দ মো. ফজলুল করীম এ কথা বলেছেন।
রাজধানীর মুক্তাঙ্গনে তার সংগঠন আয়োজিত মহাসমাবেশের একদিন আগে সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, নিরীহ আলেম--ওলামাসহ মাদ্রাসার ছাত্র শিক্ষকদের হয়রানী, গ্রেপ্তার, কওমী মাদ্রাসা ধ্বংস, সরকারী ছত্রছায়ায় মালিবাগের মুসল্লিদের খুন, ভোলার বোরহানউদ্দিনের মসজিদ মাদ্রাসা ভাংচুর, কোরআন হাদিসে অগ্নিসংযোগ, হাইকোর্টের ফতোয়া বিরোধী রায় এখনও বাতিল না করা-- এত সবকিছুর পরও যারা জোড়ালো প্রতিবাদ না করে সরকারের তল্পিবাহকের ভূমিকা পালন করছেন, আসলেই কি তারা দেশে সত্যিকার ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্যে আন্দোলন করছেন?-- এটি দেশবাসীর প্রশ্ন হয়ে দাড়িয়েছে।
তিনি মঙ্গলবার বেলা ২টা থেকে পল্টন মোড় মুক্তাঙ্গনে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ঢাকা বিভাগীয় মহাসমাবেশকে সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।
দেশব্যাপী অব্যাহত বোমা হামলা, ব্যর্থ জোট সরকারের দুঃশাসনের প্রতিবাদ, সন্ত্রাস, দুর্নীতির মূলোৎপাটন, জাতীয় সমস্যা নিরসনে জাতীয় ঐক্য গড়ে তোলা, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ এবং দেশে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে এ সমাবেশ অয়োজন করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
