২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্তমান দুঃশাসনের অবসান ঘটাতে ঐক্যবদ্ধ হোন : বড়দিনের মতবিনিময় সভায় শেখ হাসিনা

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন বর্তমান দুঃশাসন থেকে দেশকে মুক্ত করতে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2005, 07:03 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

শনিবার খ্রীস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, আসুন- অন্যায়, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন এবং দুর্নীতির বিরুদ্ধে একসাথে কাজ করে বর্তমান অবস্থার অবসান ঘটাই। দেশকে যেন মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক সোনার বাংলা হিসেবে গড়তে পারি।

বড় দিন উপলক্ষে বিরোধী দলীয় নেতার ধানমণ্ডির বাসভবন সুধাসদনে বাংলাদেশ খ্রীস্টান অ্যাসোসিয়েশন সভাপতি অ্যাডভোকেট প্রমোদ মানকিন, সাধারণ সম্পাদক নির্মল রোজারিও এবং আর্চ বিশপ পলিউনেস কস্তার নেতৃত্বে খ্রীস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ সাক্ষাত করতে এলে শেখ হাসিনা এ উপলক্ষে বিশ্ববাসীকে শুভেচ্ছা জানান।

তিনি বলেন, আমরা অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থায় বিশ্বাস করি। এ দিনে আমার কামনা ধর্মপালনে সকলের স্বাধীনতা থাকবে। সবার অধিকার সমুন্নত থাকবে। ধর্মীয় কারণে কারও ওপর যেন অন্যায় অবিচার না হয়।

শেখ হাসিনা বলেন, আমরা সবাই মিলে এদেশকে স্বাধীন করেছি। কিন্তু গত নির্বাচনের পর সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর এমন অত্যাচার নির্যাতন হয়েছে যে, এখনও অনেকে নিজ ঘরে ফিরতে পারে না। সীমাহীন অত্যাচারে অতীষ্ট মানুষকে বর্তমান দুঃশাসন থেকে মুক্তি দিতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানের শুরুতে বড় দিন উপলক্ষে বিশেষ প্রার্থনা করা হয়। এসময় শেখ হাসিনার হাতে তুলে দেওয়া হয় ক্রিসমাস কার্ড ও ফুল।

শেখ হাসিনা বড়দিনের কেক কাটেন এবং সবাইকে মিষ্টি মুখ করান।