২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গালিবের মুক্তি দাবি করেছে আহলে হাদীস আন্দোলন, জঙ্গি তৎপরতায় জামায়াতকে দোষারোপ

আল কায়েদা ও জেএমবি’র সাথে বাংলাদেশ আহলে হাদীস আন্দোলনের প্রধান ড. আসাদুল্লাহ আল গালিবের যোগাযোগ থাকার অভিযোগ অস্বীকার করে এর নেতারা তার মুক্তি দাবি করেছেন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2005, 09:17 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

রাজশাহীতে শুক্রবার এক সংবাদ সম্মেলনে আহলে হাদীস আন্দোলনের ভারপ্রাপ্ত প্রধান ড. মো: মুসলেউদ্দিন বলেন, ‘আমরা জঙ্গি তৎপরতার সাথে জড়িত নই।’

আবারও জঙ্গি কর্মকাণ্ডের সাথে জামায়াতে ইসলামী বাংলাদেশের জড়িত থাকার অভিযোগ করে তিনি বলেন, ‘জঙ্গিদের পেছনে কারা রয়েছে সে ব্যাপারে তদন্ত করার দরকার নেই। তারা (জামাত) নিজেরাই এটি স্বীকার করেছেন। তিনি প্রশ্ন তোলেন, জঙ্গি কর্মকাণ্ডের জন্যে বেশিরভাগ লোক ও সংগঠন নিজামীকে দোষারোপ করলেও তাকে কি গ্রেপ্তার করা হয়েছে?’

তিনি আরও বলেন, ইসলামী দলগুলোর ইর্ষার কারণে গালিবসহ আহলে হাদীসের অন্যান্য নেতাদের গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুসলেউদ্দিন বলেন, তাদের গ্রেপ্তারের পেছনে আরও যেসব বিষয় কাজ করেছে সেগুলো হচ্ছে, আহলে হাদীসের বহিস্কৃত নেতাদের অপপ্রাচার, পত্রিকায় ভুয়া সংবাদ প্রকাশ এবং ভুল গোয়েন্দা তথ্য।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আহলে হাদীস আন্দোলনের সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ, ড. শওকত হোসেন, কবিরুল ইসলাম ও আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।