জঙ্গিবাদের কারণে দেশে সংবিধান ও স্বাধীনতার সংকট সৃষ্টি হয়েছে: বি. চৌধুরী
বিকল্প ধারার সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী সরকারের পদত্যাগ দাবি করে বলেছেন, দেশে আজ সংবিধান ও স্বাধীনতার সংকট সৃষ্টি হয়েছে।
বিশ্বের অন্য দেশের তুলনায় বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান বেশি ঘটেছে। এ অবস্থায় দেশকে রক্ষা করতে সরকারের পদত্যাগ দরকার। সরকারের পদত্যাগের পর নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিকল্প শ্রমিক ধারার ঢাকা মহানগর সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মহানগর কমিটির আহ্বায়ক আইনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরো বক্তব্য রাখেন দলের মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান, সহ সভাপতি মেজর (অব.) আব্দুল হালিম, সাংগঠনিক সম্পাদক মাহী বি. চৌধুরী, শ্রমিক ধারা কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আজিজ আখন্দ, ছাত্র ধারার সদস্য সচিব আজিম আহমেদ বাচ্চু প্রমুখ।
অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী বলেন, দেশের শিল্প, ব্যবসা, বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নের জন্য শান্তি ও শৃঙ্খলার প্রয়োজন। কিন্তু আজ দেশের শান্তি শৃঙ্খলা ভেঙ্গে পড়েছে। দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসী বোমা হামলার উত্থান ঘটেছে। এটি বিশ্বের যে কোনো দেশের তুলনায় বেশি। চার মাসে যেভাবে তাদের উত্থাণ হয়েছে, তাতে দেশ ধ্বংস হয়ে যাবে।
তিনি বলেন, সরকারের মন্ত্রীরা এসব সন্ত্রাসী ও জঙ্গিদের সাথে জড়িত। সরকারকে সেদিকে দেখতে হবে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। জঙ্গি ও তাদের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে দেশ মহাবিপর্যয়ের মধ্যে পড়বে।
তিনি শ্রমিকদের জন্য গ্রহণযোগ্য শ্রমনীতি প্রণয়নেরও দাবি জানান।
