বিজয় দিবস উপলক্ষে বিএনপি’র বিশাল মিছিল
৩৫তম বিজয় দিবস উপলক্ষ্যে রাজধানী ঢাকায় শনিবার ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আয়োজিত বিজয় মিছিলে দলের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা অংশ নিয়েছেন।
ড্রামের তালে তালে নেচে, গেয়ে এবং বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দলের চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে শ্লোগান ধরে রাজধানীর বিভিন্ন সড়কে বিএনপি’র কর্মী ও সমর্থকরা মিছিল করেছে।
রাজধানীর বিভিন্ন অংশ থেকে বেলা দুইটা থেকে বিচিত্র রংয়ের পোশাক পরে এবং মাথায় লাল-সবুজ ব্যান্ড বেঁধে নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে সমবেত হতে থাকে।
কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে হাজার হাজার নেতা-কর্মী-সমর্থক বিচিত্র ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, দলের নির্বাচনী প্রতীক ধানের শীষ, ব্যালুন নিয়ে বেলা সাড়ে চারটার দিকে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয় থেকে মিছিল শুরু করে। কাকরাইল ক্রসিং, শান্তিনগর, মৌচাক এবং ফকিরেরপুল হয়ে বিজয়মিছিলটি নয়াপল্টন পার্টি কার্যালয়ে এসে শেষ হয়।
উৎসাহী বিএনপি কর্মীরা রিকশা, ভ্যান ও ছোট ট্রাকের ওপর কৃত্রিম ট্যাংক, বন্দুক এবং যুদ্ধবিমান নিয়ে উল্লাস করতে থাকে। রিকশা ভ্যান, ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি এবং মটর সাইকেলে চড়ে দলের সমর্থকরা বিভিন্ন শ্লোগান দেয়। মুক্তিযোদ্ধাদের মতো যুদ্ধের পোশাক পরিহিত বিএনপি কর্মীরা কৃত্রিম ট্যাংক, বন্দুক ও অন্যান্য অস্ত্রে সাজানো পাকিস্তানি বাহিনীর ওপর আক্রমণ চালায়। মিছিলকারীরা বোমাবাজদের বিরুদ্ধে এবং তাদের প্রতিহত ও নির্মূল করার পক্ষে শ্লোগান দেয়।
ঢাকা মহানগর বিএনপি আয়োজিত মিছিলে বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকা, জিয়াউর রহমান, খালেদা জিয়া ও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের প্রতিকৃতি নিয়ে মিছিল করে।
মিছিল শুরুর আগে বিএনপি’র মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া এক সংক্ষিপ্ত সমাবেশে বোমাবাজদের প্রতিরোধ ও নির্মূল করতে বৃহত্তর ঐক্য গড়ে তুলতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।
জঙ্গিবাদ মোকাবিলায় সরকারের অব্যাহত প্রচেষ্টার প্রতি সহযোগিতা না করার বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া প্রধান বিরোধী দল আওয়ামী লীগের কঠোর সমালোচনা করেন।
তিনি বলেন, জঙ্গিবাদ প্রতিরোধ ও নির্মূল করতে তারা (আওয়ামী লীগ) সহযোগিতা করতে চায় না। তার পরিবর্তে তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। তারা এ থেকে রাজনৈতিক ফায়দা লুটতে চায়।
তিনি বলেন, কিন্তু আমরা তাদের তা করতে দেব না। আমরা শিগগিরই জঙ্গিদের নির্মূল করব।
একটি সমৃদ্ধ জাতি গড়ে তুলতে এবং একাত্তরে মুক্তিযুদ্ধকালে লাখ লাখ লোক যে স্বপ্ন সফল করতে আত্মত্যাগ করেছিলেন, তা বাস্তবায়ন করতে একসাথে কাজ করার জন্য মান্নান ভূঁইয়া দেশবাসীর প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের পরপরই যে রাজনৈতিক দল ক্ষমতায় এসেছিল, তারা একদলীয় সরকার গঠনের মাধ্যমে জনগণের রাজনীতি করার ও মত প্রকাশের অধিকার ছিনিয়ে নিয়েছিল।
তিনি বলেন, কিন্তু বহুদলীয় গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী বিএনপি জনগণ ও গণমাধ্যমকে তাদের অধিকার ফিরিয়ে দিয়েছে।
বিএনপি’র অন্যান্য শীর্ষ নেতার মধ্যে ড. খন্দকার মোশাররফ হোসেন, এমকে আনোয়ার, বরকতউল্লাহ বুলু, মির্জা আব্বাস, সেলিমা রহমান, আমানুল্লাহ আমান, আব্দুস সালাম মিছিলে নেতৃত্ব প্রদান করেন।
