নতুন ভোটার তালিকা সংক্রান্ত রিটের প্রেক্ষিতে ইসি’র বক্তব্য জানাতে হাইকোর্টের নির্দেশ
প্রধান নির্বাচন কমিশনারের একক সিদ্ধান্তে নতুন ভোটার তালিকা তৈরি এবং রাজনৈতিক বিবেচনায় কর্মকর্তা--কর্মচারি নিয়োগদানকে চ্যালেঞ্জ করে দায়ের করা দু’টি রিট পিটিশনের প্রেক্ষিতে হাইকোর্ট বৃহস্পতিবার ২ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনের বক্তব্য জানানোর আদেশ দিয়েছেন।
নির্বাচন কমিশনের আইনজীবীর দাবির প্রেক্ষিতে বিচারপতি এমএ মতিন ও বিচারপতি রেজাউল হক সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
নির্বাচন কমিশনের আইনজীবী খন্দকার মাহবুবদ্দিন আহমেদ আদালতকে বলেন, আওয়ামী লীগ নেতাদের দায়ের করা এ রিট পিটিশনে ভুল তথ্য পরিবেশন করা হয়েছে।
তিনি বলেন, ৭ আগস্ট প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের এক বৈঠকে নতুন ভোটার তালিকা তৈরির সিদ্ধান্ত নেয়া হয়। ওই বৈঠকে অপর দুই নির্বাচন কমিশনারও উপস্থিত ছিলেন। কিন্তু রিট পিটিশন দু’টিতে এ তথ্য গোপন করে প্রধান নির্বাচন কমিশনার একতরফাভাবে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে বলা হয়েছে।
অ্যাডভোকেট খন্দকার মাহবুবউদ্দিন আহমেদ এ ব্যাপারে নির্বাচন কমিশনের বক্তব্য জানানোর জন্যে ২২ জানুয়ারি পর্যন্ত সময় চান।
আবেদনকারীদের আইনজীবী ড. কামাল হোসেন আদালতকে বলেন, ১৯৮২ সালের প্রচলিত নির্বাচনী আইন অনুযায়ী নতুন ভোটার তালিকা তৈরি করার কোনও আইনি বৈধতা নির্বাচন কমিশনের নেই।
তিনি বলেন, নির্বাচন কমিশনের কোনও ব্যাপারে সকল কমিশনারকে নিয়ে একসঙ্গে বসে সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু অপর দুই কমিশানরের সাথে কোনও রকম আলোচনা ছাড়াই প্রধান নির্বাচন কমিশনার এককভাবে এ সিদ্ধান্ত নিয়েছেন। এমনকি ওই দুই কমিশনারও এ সিদ্ধান্তের বিরোধিতা করেন।
ড. কামাল হোসেন নতুন ভোটার তালিকা তৈরির সিদ্ধান্ত স্থগিত করে এ ব্যাপারে রুল জারি করার দাবি জানান।
প্রধান নির্বাচন কমিশনারের একক সিদ্ধান্তে নতুন ভোটার তালিকা তৈরি এবং রাজনৈতিক বিবেচনায় কমিশন সচিবালয়ে তিন লাখ কর্মকর্তা--কর্মচারি নিয়োগদানকে চ্যালেঞ্জ করে বিরোধী দল আওয়ামী লীগের তিন নেতা আবদুল জলিল এমপি, অ্যাডভোকেট রহমত আলী এমপি ও আসাদুজ্জামান নূর এমপি ১২ ডিসেম্বর হাইকোর্টে দু’টি রিট পিটিশন দাখিল করেন।
আবেদনকারীর পক্ষে আদালতে পিটিশন দু’টি পরিচালনা করেন ড. কামাল হোসেন, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ এবং ব্যারিস্টার এম আমির-উল ইসলাম। অপরদিকে সরকার পক্ষে অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল আদিলুর রহমান খান এবং নির্বাচন কমিশনের পক্ষে অ্যাডভোকেট টিএইচ খান আদালতে উপস্থিত ছিলেন।
