শহীদ পরিবারের দাবি জামাত নিষিদ্ধ করা ও যুদ্ধাপরাধীর বিচার, শেষ লড়াইয়ের জন্যে ঐক্যবদ্ধ হোন: শেখ হাসিনা
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, স্বাধীনতাবিরোধী জামাতসহ সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে শেষ লড়াই করতে হবে। দেশে সাম্প্রদায়িক রাজনীতি করার অধিকার থাকা উচিত নয় উল্লেখ করে তিনি বলেন, জঙ্গিবাদের মূল মদদদাতা জামাত ও বিএনপির বিরুদ্ধে আরেকটি যুদ্ধ করে দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে।
শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যদের সঙ্গে বুধবার এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শহীদ পরিবারের সদস্যরা তাদের অসহায় অবস্থার কথা শেখ হাসিনার কাছে তুলে ধরেন। আওয়ামী লীগ সভানেত্রীর কাছে দাবি জানিয়ে তারা বলেন, জামাতসহ সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ এবং যুদ্ধাপরাধীদের বিচারের ব্যবস্থা করতে হবে।
শেখ হাসিনা শহীদ পরিবারসহ দেশবাসীকে অভয় দিয়ে বলেন, আপনারা হতাশ হবেন না। আমরা সত্য ও ন্যায়ের জন্যে লড়ছি। যদিও এ পথ কষ্টের।
তিনি বলেন, স্বাধীনতাবিরোধীদের এদেশ থেকে বিড়াড়িত করবো। জামাতের গোড়াশুদ্ধ উপড়ে ফেলবো। এদেশকে স্বাধীনতাবিরোধী অপশক্তির রাহুমুক্ত করে মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠা ও বাংলার মানুষের অধিকার নিশ্চিত করবো। এদেশকে আমরা এভাবে ধ্বংস হতে দিতে পারি না।
শেখ হাসিনা বলেন, স্বাধীনতার ৩৪ বছরেও আমাদের সংগ্রাম শেষ হয়নি। চূড়ান্ত লড়াইয়ের জন্যে জনগণকে আরও সচেতন ও ঐক্যবদ্ধ করতে হবে।
জঙ্গিবাদের উত্থান ও বোমা হামলার জন্যে জামাতকে সরাসরি দায়ী করে তিনি বলেন, সর্বনাশের মূল ওরাই। পরিপল্পতভাবে সমাজের প্রতিটি ক্ষেত্রে তাদের লোক ঢুকিয়ে দেশব্যাপী নেটওয়ার্ক তৈরি করছে। ওরা একে একে সবকিছু গ্রাস করে নেবে। যে বিএনপির কাছ থেকে তারা আসন চেয়ে নেয়, সেই বিএনপিকেই আগামীতে জামাতের কাছ থেকে আসন চাইতে হবে।
জঙ্গিবাদ দমনে প্রধানমন্ত্রীর সংলাপের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, জঙ্গিদের না ধরে সংলাপের নামে নাটক করে যাচ্ছেন তিনি। নিজেরা সন্ত্রাসী জঙ্গি সৃষ্টি করে বোমা হামলা চালিয়ে মানুষ মেরে এখন আওয়ামী লীগকে ফাঁসানোর ষড়যন্ত্র করছেন। প্রধানমন্ত্রীর এই দুরভিসন্ধী সবারই জানা।
শহীদ ডা. আলীম চৌধুরীর স্ত্রী শ্যামলী নাসরিন চৌধুরী, ডা. আজহারুল হকের স্ত্রী সালমা হক, লে. সেলিমের ভাই ডা. এমএ হাসান, সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের ছেলে জাহীদ রেজা নূর, জহির রায়হানের ছেলে অনল রায়হান বক্তব্য রাখেন। আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান নূর এমপি অনুষ্ঠান পরিচালনা করেন।
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য জিল্লুর রহমান এমপি, সৈয়দা সাজেদা চৌধুরী, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত এমপি, শেখ ফজলুল করিম সেলিম এমপিসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
