২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাকের পার্টির চেয়ারম্যান ও তার স্ত্রীসহ ৫ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

সাংবাদিকদের বকেয়া মজুরি আত্মসাতের আভিযোগে দায়ের করা মামলায় জাকের পার্টির চেয়ারম্যান দৈনিক আল মুজাদ্দেদ পত্রিকার মালিক মোস্তফা আমীর ফয়সল ও তার স্ত্রীসহ পাঁচজনকে আদালতে উপস্থিত হওয়ার জন্য সমন জারি করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2005, 05:36 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

গত বুধবার ১ম শ্রম আদলতে এ পত্রিকার সাবেক সহকারী সম্পাদক মো. আলাউদ্দিন, সাবেক মহানগর সম্পাদক আব্দুস সেলিম এবং সাবেক কোর্ট রিপোর্টার আজাদ রহমান বাদি হয়ে পৃথক পৃথক তিনটি মামলা দায়ের করেন। মামলা তিনটিতে অভিযুক্তরা হলেন, জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল ও তার স্ত্রী শাহানা ফয়সল, সম্পাদক মো. শাহাবুদ্দিন খান, এএইচএম নাজমুল হুদা এবং শাহ নিয়াজ আহমেদ।

অভিযুক্তদের বিরুদ্ধে তিনজন বাদি সর্বমোট আটষট্টি লাখ আটচল্লিশ হাজার পাঁচশত বিশ টাকা মজুরি আত্মসাতের আভিযোগ এনেছেন। ১৯৩৬ সালের মজুরি পরিশোধ আইনের ২০ ধারার এই মামলাগুলোর আরজিতে বলা হয়, বাদিরা বিভিন্ন সময়ে এ পত্রিকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। কিন্তু চতুর্থ ও পঞ্চম বেতন বোর্ড রোয়েদাদ না মেনে অভিযুক্তরা মোট বেতনের অনেক কম টাকা বাদিদের মজুরি হিসেবে প্রদান করেন। বাকি বেতনের টাকার ব্যাপারে মিথ্যা প্রতিশ্র“তি দিয়ে তাদের হয়রানি করতে থাকেন। অন্যদিকে চলতি বছরের ১৪ সেপ্টেম্বর কর্তৃপক্ষ পত্রিকার প্রকাশনা বন্ধ করে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে ৩০ দিনের মধ্যে সকল সাংবাদিক ও কর্মচারীদের যাবতীয় পাওনা পরিশোধের প্রতিশ্র“তি দেন। পরে ২৫ সেপ্টেম্বর পুরানো কর্মচারী ও সাংবাদিকদের না জানিয়ে তাদের পাওনা টাকা থেকে বঞ্চিত করার উদ্দেশ্যে অভিযুক্তরা পরস্পর যোগসাজশে আবারও পত্রিকার প্রকাশনা শুরু করেন এবং বাদিদের পাওনা ঝুলিয়ে রাখেন।

১ম শ্রম আদালত শুনানি শেষে মামলা তিনটি গ্রহণ করেন এবং অভিযুক্তদের আগামী ১০ জানুয়ারি ২০০৬ তারিখের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ প্রদান করেন।

মামলা তিনটি পরিচালনা করেন অ্যাড. প্রকাশ রঞ্জন বিশ্বাস, অ্যাড. গাজী মোস্তফা কামাল, অ্যাড. দুলাল মিত্র, অ্যাড. এমদাদুল হক লাল, অ্যাড. বেলাল হোসেন জসিম, অ্যাড. শহিদুল্লাহ মিয়া, অ্যাড. শরিফ নূর এ শাহীন মিয়া, অ্যাড. লতিফুর রহমান, অ্যাড. আবুল কালাম আজাদ, অ্যাড. রায়হান মোর্শেদ, অ্যাড. মশিহুর রহমান ও অ্যাড. বিলাল হোসেন।