২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যারা মৃত্যুপথযাত্রী জোটকে কোরামিন দিয়ে বাঁচাতে চায়, প্রধানমন্ত্রীর নাটকে তারাই যাবে, মুক্তিকামীরা যাবে না: হাসিনা

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা জঙ্গি ও সন্ত্রাস দমনে প্রধানমন্ত্রীর সংলাপ অনুষ্ঠানের সমালোচনা করে বলেছেন, যারা ব্যর্থ জোট সরকারের মৃত্যুর মুহূর্তে কোরামিন দিয়ে বাঁচিয়ে রেখে শেষ সময়ে দু’পয়সা কামাতে চান, তারাই এ নাটকে অংশ নেবে। বাংলার মুক্তিকামী ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী কেউ যাবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2005, 07:59 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

কারণ বাংলার মানুষ এই ব্যর্থ দুর্নীতিবাজ সন্ত্রাসী সরকারকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে। মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘একাত্তরের মহান বিজয় ও আজকের বিপর্যয়’ শীর্ষক এ আলোচনা সভায় সভাপতিত্ব ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. এসএ মালেক।

আলোচনায় অংশ নেন আইনজীবী ব্যারিস্টার আমীর--উল ইসলাম, অধ্যাপক একে আজাদ চৌধুরী, অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী এবং জাতীয় যাদুঘরের সাবেক মহাপরিচালক ড. শামসুজ্জামান খান।

শেখ হাসিনা বলেন, জঙ্গিদের মদদদাতা বিএনপি জামাত জোট সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে ধর্মান্ধতা সৃষ্টি করে যে কোনও উপায়ে ক্ষমতা কুক্ষিগত রাখতে চায়। ভোট পাবে না বলে জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও ভোট কারচুপি করে তারা ক্ষমতায় থাকতে চায়। কিন্তু এ সরকার ক্ষমতায় থাকলে মুক্তিযুদ্ধের চেতনার নাম--নিশানা থাকবে না। বাংলাদেশের অস্তিত্বই থাকবে না। তাই দুর্নীতিবাজ সন্ত্রাসী সরকারকে ক্ষমতা থেকে হটাতে হবে। 

তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দাবি করে তিনি বলেন, আমরা জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে চাই। সংস্কার ছাড়া এটি নিশ্চিত হবে না।

আওয়ামী লীগ প্রধান বলেন, গত নির্বাচনে কারচুপিতে সহযোগিতা ও মদদ দিয়ে যারা বিএনপি জামাত জোটকে ক্ষমতায় আনতে সাহায্য করেছিলেন, তারা কী পেয়েছেন, একবার ভেবে দেখুন। আজ উপলব্ধি করুন, কী সর্বনাশা দানবকে জগদ্দল পাথরের মতো মানুষের কাঁধে বসিয়েছিলেন।

প্রতিরক্ষা বাহিনী, পুলিশ ও প্রশাসনসহ প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারিদের উদ্দেশে তিনি বলেন, দুর্নীতিবাজ প্রধানমন্ত্রী পরিবারের অবৈধভাবে গড়া অর্থ সম্পদ পাহারা দেবেন, নাকি জনতার কাতারে থাকবেন-- সে সিদ্ধান্ত নিয়ে আপনাদের এগিয়ে যেতে হবে।

বাংলা ভাই ও শায়খ আব্দুর রহমান প্রধানমন্ত্রীর হেফাজতেই আছে-- এ অভিযোগ করে শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া কি অস্বীকার করতে পারবেন, জঙ্গি হামলা তার অজান্তে হচ্ছে। এসকল বোমা ও গ্রেনেড হামলার সঙ্গে তার পরিবার, মন্ত্রিসভার সদস্য, এমপি--নেতারা জড়িত নয়!

তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজেই এসকল জঙ্গি হামলা বন্ধ করতে পারেন। র‌্যাব, পুলিশ প্রশাসন সবই তার হাতে। কিন্তু জঙ্গিদের না ধরে উল্টো তাদের মদদ ও আশ্রয় প্রশ্রয় দিয়ে নাটক করে জাতিকে বিভ্রান্ত করছেন তিনি। জনগণ তাদের এ নাটক বুঝে গেছে।

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, দেশ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করতে হবে। মুক্তিযুদ্ধের মহান বিজয়কে আমরা কোনওভাবেই নস্যাত হতে দেবো না।