সফরসূচি আবারও পরিবর্তন: হাসিনা টুঙ্গিপাড়া হয়ে শুক্রবার খুলনায় মহাসমাবেশে যাবেন
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার দক্ষিণ--পশ্চিমাঞ্চল সফর কর্মসূচি শেষ মুহূর্তে আবারও পরিবর্তন করা হয়েছে। সংশোধিত সফরসূচি অনুযায়ী তিনি শুক্রবার টুঙ্গিপাড়া হয়ে খুলনা যাবেন। পরদিন শনিবার আবার টুঙ্গিপাড়া হয়ে সন্ধ্যায় ঢাকায় ফিরবেন।
বিরোধী দলীয় নেতার কার্যালয় থেকে পাঠানো সংশোধিত সফরসূচিতে জানানো হয়, শেখ হাসিনা শুক্রবার সকালে সুধাসদন থেকে সড়কপথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাবেন। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত ও পুষ্পার্ঘ্য অর্পণ করবেন তিনি। বিকেলে খুলনায় ১৪ দলের বিভাগীয় মহাসমাবেশে ভাষণ দেবেন শেখ হাসিনা।
রাতে খুলনায় অবস্থান করবেন তিনি। পরদিন শনিবার সকালে যাবেন টুঙ্গিপাড়া। সেখান থেকে সন্ধ্যায় তার ঢাকা ফেরার কথা।
