২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপের আমন্ত্রণ জানিয়ে বার কাউন্সিল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে প্রধানমন্ত্রীর চিঠি

ইসলামী জঙ্গিবাদ রোধে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংলাপের আমন্ত্রণ জানিয়ে বুধবার বার কাউন্সিল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে চিঠি পাঠিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2005, 07:22 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত সচিব এম শামসুল আলম বুধবার বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী ও সহসভাপতি ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাহবুবে আলমের কাছে চিঠিগুলো হস্তান্তর করেন। এসসিবিএ সভাপতি এ আমন্ত্রণকে নাটক অভিহিত করে তা প্রত্যাখ্যান করেছেন।

তিনি অভিযোগ করেন, দু’জন সিনিয়র সহকারী জজসহ বোমা হামলায় নিহতদের বাড়িতে পর্যন্ত প্রধানমন্ত্রী যাননি। এমনকি আহতদেরও হাসপাতালে দেখতে যাননি। মিডিয়াতে প্রচারের জন্যে তিনি দুই জজের পরিবারকে মাত্র পাঁচ লাখ টাকা করে দিয়েছেন।

এসসিবিএ সভাপতি বিডিনিউজ--এর সাথে আলাপকালে সরকারের পদত্যাগ দাবি করে বলেন, সাংবিধানিক ও গণতান্ত্রিকভাবে এ সংকটের সমাধান করা যায়।

তিনি বলেন, এ মুহূর্তে আমরা সরকারের পদত্যাগ দাবি করছি। গণতান্ত্রিক উপায়ে সরকার পদত্যাগ করলে সকল সমস্যার সমাধান হবে। অসাংবিধানিকভাবে ক্ষমতা হস্তান্তর জাতি মেনে নেবে না।

প্রধানমন্ত্রী আইনজীবী সমিতির দাবি মেনে নিচ্ছে না বলে তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সংশ্লিষ্ট আইনজীবীরা হাইকোর্টের ১৬ জন বিচারকের চাকরি স্থায়ীকরণ এবং ১৯ জন বিচারকের রাজনৈতিক নিয়োগ বাতিলের জন্যে আন্দোলন চালিয়ে আসছে। কিন্তু সরকার আমাদের দাবি একেবারেই কানে তুলছে না।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অবশ্য বলেন, সমিতির কার্যকরী কমিটির পরবর্তী বৈঠকে প্রধানমন্ত্রীর চিঠির ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।