সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা বিরোধী ছাত্র সংগঠন এখন থেকে ছাত্র সংগ্রাম পরিষদ
সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা বিরোধী সাত ছাত্র সংগঠনের নাম পরিবর্তন করে ছাত্র সংগ্রাম পরিষদ রাখা হয়েছে।
বুধবার দুপুরে মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সাত ছাত্র সংগঠনের নেতারা।
সংবাদ সম্মেলনে ছাত্র সংগ্রাম পরিষদ ১১ দফা দাবি উত্থাপন করে পরবর্তী কর্মসুচি ঘোষণা করেন।
সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্র মৈত্রী সভাপতি রফিকুল ইসলাম সুজন। সম্মেলনে সভাপতিত্ব করেন ছাত্রলীগ (লি-বা) সভাপতি লিয়াকত সিকদার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রলীগের (লি-বা) সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু, জাসদ ছাত্রলীগ (স্ব-ত) সভাপতি শরিফুল কবির স্বপন প্রমুখ।
শিক্ষা নীতি প্রণয়ন ও শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ও আধুনিকায়ন, ছাত্র সমাজের অধিকার প্রতিষ্ঠা ও কর্মসংস্থান, তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন, বিচার বিভাগ, মানবাধিকার জাতীয় নিরাপত্তা ও বাক স্বাধীনতা রক্ষা, জাতীয় ইতিহাস, ঐতিহ্য, চেতনা, সংস্কৃতি রক্ষা, নারী ও শিশু অধিকার রক্ষা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রনসহ ১১টি দাবি তারা উত্থাপন করেন।
