সংলাপে বসতে বিরোধী দলের প্রতি আবারো আহবান জানালেন মান্নান ভূঁইয়া
ইসলামী জঙ্গিদের মোকাবেলার ব্যাপারে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেয়ার জন্যে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে বিরোধী দলকে সংলাপে বসার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মান্নান ভূঁইয়া।
বোমা হামলা ও নৈরাজ্যের বিরুদ্ধে দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার নগরীর মুক্তাঙ্গনে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।
বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন, আপনারা যদি শান্তি চান এবং বোমাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চান, আপনারা যদি গণতন্ত্রকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান এবং আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠান করতে চান তাহলে প্রধানমন্ত্রীর সংলাপের আমন্ত্রণে সাড়া দেন।
প্রধান বিরোধী দল আওয়ামী লীগকে আমন্ত্রণ পাঠানোর ব্যাপারে মান্নান ভূঁইয়া বলেন, তাদের কাছ থেকে সময় নেয়ার জন্যে আমরা আজ সকাল পর্যন্ত চেষ্টা করেছি। আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা তাদের কাছ থেকে সময় নেয়ার চেষ্টা করেছেন। কিন্তু তারা কোনও সাড়া দেয়নি।
প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া না দেওয়ায় আওয়ামী লীগের কঠোর সমালোচনা করে তিনি বলেন, ১৪ দলের দাবির কাছে বিএনপি মাথা নত করবে না।
গুরুত্বপূর্ণ ব্যাপারে একত্রে বসার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আপনারা যদি আমাদের সহযোগিতা করেন তাহলে বোমাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আমাদের জন্যে সহজ হবে। তবে আমরা কারও জন্যে বসে থাকব না। বোমাবাজদের বিরুদ্ধে আমরা আমাদের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করব।
বোমাবাজদেরকে সামাজিক ও রাজনৈতিকভাবে মোকাবেলা করতে তিনি সমাজের সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
