ওলামা লীগের সেমিনার: দু’গ্র“পের তীব্র হট্টগোল, উত্তেজনা
আওয়ামী ওলামা লীগের সেমিনারকে কেন্দ্র করে মঙ্গলবার দু’গ্র“পের মধ্যে তীব্র হট্টগোল, বাক বিতণ্ডা, হই চই ও চিৎকারে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
ওলামা লীগের একাংশ সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘ইসলামে সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করে। মাওলানা ইসমাইল হোসাইনের নেতৃত্বে সেমিনার শুরু হলে হাবিবুল্লাহ্ কাচপুরি গ্র“পের সাধারণ সম্পাদক আবুল হাসান শেখ শরীয়তপুরী, আতাউর রহমান বঙ্গ, মোক্তারুজ্জামানসহ ১০/১২ জন নেতা কর্মী গালাগালি শুরু করেন। তারা এ সেমিনার আয়োজনের এখতিয়ার নিয়েও প্রশ্ন তোলেন। সেমিনার অনুষ্ঠানে বাধা দিলে দু’পক্ষের মধ্যে তীব্র বাক বিতণ্ডা ও হট্টগোলের সৃষ্টি হয়।
তীব্র উত্তেজনাকর পরিস্থিতিতে সাদা পোষাকধারী পুলিশ ছাড়াও এক গাড়ি পুলিশ এসে সেখানে অবস্থান নেয়। প্রবেশ পথে বসানো হয় মেটাল ডিটেক্টর ও আর্চওয়ে।
এ পর্যায়ে বিদ্রোহী গ্র“প চিৎকার করতে করতে সেখান থেকে বেরিয়ে আসলেও অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত ডিআরইউ চত্বরেই অবস্থান নেয়। পরে বাইরেও দু’পক্ষের মধ্যে বাক বিতণ্ডা চলে।
পরে বিদ্রোহী গ্র“পের নেতা আআউর রহমান বঙ্গ বিডিনিউজকে জানান, মূল দল আওয়ামী লীগের কোন অনুমতি ছাড়াই তাদের বাদ দিয়ে ইসমাইলের নেতৃত্বাধীন যে অনুষ্ঠানের আয়োজন করছে, তা সম্পূর্ণ অনৈতিক। কেননা ইসমাইল হেসাইনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। আমরা তার নেতৃত্ব মানি না। আওয়ামী লীগের কোন অঙ্গ সংগঠনের নামে অনুষ্ঠান করার কোন এখতিয়ার তার নেই।
অন্যদিকে ইসমাইল হোসাইন বিডিনিউজকে বলেন, বিগত জাতীয় নির্বাচনের পর হাবিবুল্লাহ্ কাচপুরিকে আমরা সংগঠন থেকে বহিষ্কার করেছি। আমিই এখন বৈধ সভাপতি।
অনুষ্ঠান আয়োজনের ব্যাপারে তিনি বলেন, ড. হাসান মাহমুদের (আ.লীগের পরিবেশ সম্পাদক ও শেখ হাসিনার ব্যক্তিগত সহকারি) অনুমতি নিয়েই আমি এ সেমিনার করছি।
সেমিনারের ব্যাপারে দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি জানেন কি না, প্রশ্ন করা হলে তিনি পাল্টা প্রশ্ন করেন ‘কোন্ জলিল? ড. হাসানই যথেষ্ট। তিনিই আমাদের দায়িত্বে। তিনিই দেখাশুনা করেন আমাদের।
এদিকে প্রতিপক্ষ গ্র“পের বাধার মুখে অনুষ্ঠিত সেমিনারে বক্তারা বলেন, বিএনপি জামাত জোট ক্ষমতা গ্রহণের পর স্বাধীনতা বিরোধী জামাত শিবির চক্র তথাকথিত ইসলামি আইন কায়েমের নামে দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। একের পর এক বোমা হামলা করে মানুষ হত্যার হোলি খেলায় মেতে উঠেছে। তারা বলেন, যে নামেই জঙ্গি তৎপরতা চলুক, এর পেছনে রয়েছে জামাত।
ধর্মপ্রাণ দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়ে তারা বলেন, আসুন, জাতি ধর্ম নির্বিশেষে ইসলাম রক্ষার্থে এই উগ্র জঙ্গিদের কবর রচনার জন্য ঐক্যবদ্ধ যুদ্ধে অবতীর্ণ হই।
