২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংঘাতপূর্ণ রাজনীতি দেশের দারিদ্র্য পরিস্থিতির অবনতি ঘটাবে: সাইফুর

অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান বলেছেন, সংঘাতপূর্ণ রাজনীতি দেশের দারিদ্র্য পরিস্থিতির আরও অবনতি ঘটাবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2005, 04:44 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) আয়োজিত ‘ক্ষুদ্র ঋণ কার্যক্রম: সাফল্য ও সম্ভাবনা’ শীর্ষক এক সেমিনারে সাইফুর রহমান বলেন, সংঘাতপূর্ণ রাজনীতি আমাদের কাম্য নয়। দারিদ্র্য দূর করার জন্য আমাদের প্রয়োজন শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ। যাতে আমাদের অর্থনীতি বাধাগ্রস্থ না হয়।

রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও দেশের অর্থনৈতিক অবস্থা ভালোর দিকে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

গত দশ বছরে জিডিপি’র ক্ষেত্রে বাংলাদেশের অর্জন আশাব্যঞ্জক বলে তিনি জানান। আমাদের দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হচ্ছে এবং কোটা ব্যবস্থা উঠে যাওয়া সত্ত্বেও রফতানি ক্ষেত্রে আমাদের অর্জন বেশ ভালো।

‘ক্ষুদ্রঋণ ২০০৫, জাতিসংঘ আন্তর্জাতিক বর্ষ’ উপলক্ষে বিআরডিবি এ সেমিনারের আয়োজন করে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া বিশেষ অতিথি হিসেবে সেমিনারে বক্তব্য রাখেন। সেমিনারে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব আবু সোলায়মান চৌধুরী।

সাইফুর রহমান বলেন, দারিদ্র্য বিমোচনের জন্য অন্যতম প্রয়োজনীয় বিষয় হচ্ছে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।

কৃষি ও পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ আরও বাড়ানো ছাড়া কর্মসংস্থানের সুযোগ বাড়ানো সম্ভব নয় বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

তিনি বলেন, চাকরির সুযোগ ও দারিদ্র্য বিমোচনের জন্য ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়ন প্রয়োজন। এজন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করা উচিত।

ক্ষুদ্রঋণ স্কিমের সাথে যদিও ১৫ থেকে ১৬ টি মন্ত্রণালয় সংশ্লিষ্ট। কিন্তু এ সংখ্যাকে অপ্রতুল বলে তিনি উল্লেখ করেন। কৃষকসহ অনেক মানুষ এখনও তাদের চাহিদা অনুসারে ঋণ পাচ্ছে না বলেও তিনি জানান।

সাইফুর বলেন, দুই হাজার থেকে পাঁচ হাজার টাকার ক্ষুদ্রঋণ দিয়ে দীর্ঘস্থায়ী কোনও কিছু করা সম্ভব নয়। এ টাকার পরিমাণ আরও বাড়ানো দরকার।

মন্ত্রী আরও বলেন, তথ্য মন্ত্রণালয়ের দুর্বলতার কারণে সরকারের উন্নয়ন কার্যক্রমের প্রয়োজনীয় প্রচারণা হচ্ছে না।

ক্ষুদ্রঋণ খাতে বর্তমান সরকার ২২ কোটি টাকা বরাদ্দ করেছে বলেও সেমিনারে তিনি জানান।