সেনা-পুলিশী নিরাপত্তায় খাগড়াছড়িতে পার্বত্য চুক্তির পক্ষে-বিপক্ষে কর্মসূচি পালন
ব্যাপক সেনা ও পুলিশী নিরাপত্তায় শুক্রবার খাগড়াছড়িতে বিভিন্ন সংগঠনের পক্ষ-বিপক্ষ কর্মসূচির মধ্য দিয়ে পার্বত্য চুক্তির অষ্টম বর্ষপূর্তি পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএম) চুক্তি যথাযথ বাস্তবায়নের এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) জাতীয় বেঈমান প্রতিরোধ দিবস হিসেবে বিভিন্ন কর্মসূচি পালন করে।
পার্বত্য চুক্তি বাতিলের দাবি জানিয়ে সম অধিকার আন্দোলন খাগড়াছড়িতে সকল ব্যবসায়ী প্রতিষ্ঠানে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারনের কর্মসূচি চালায়। তারা কালো চুক্তি বাতিল ও সকল ক্ষেত্রে সম-অধিকার প্রতিষ্ঠার দাবি জানায়।
শহরে ভোর থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও বিল্ডিংয়ের ছাদে সেনা নিরাপত্তা জোরদার করা হয়। জেলার সকল উপজাতীয় ব্যবসায়ী তাদের দোকানপাট বন্ধ রাখে।
জনসংহতি সমিতি সকালে জেলার এসএন লারমা স্কোয়ারে পার্বত্য চুক্তি বাস্তাবায়নের দাবিতে সমাবেশের আয়োজন করে। সমাবেশে সভাপতিত্ব করেন জেএসএস জেলা সম্পাদক রসময় চাকমা। এ সময়ে নেতৃবৃন্দ অভিযোগ করেন, প্রশাসন ও আইন প্রয়োগকারি সংস্থা তাদের ঘোষিত কর্মসূচিতে বাধা প্রদান করে।
নেতৃবৃন্দ আরও বলেন, চুক্তি বাতিলের দাবিতে আজ কেন কালো পতাকা উত্তোলন করা হয়েছে। পার্বত্য চুক্তি জনগণের অধিকার। রক্ত দিয়ে হলেও এই চুক্তির বাস্তবায়ন করা হবে।
