২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন ভোটার তালিকা তৈরির কাজ শুরু হচ্ছে রোববার

নতুন ভোটার তালিকা তৈরির কাজ শুরু হচ্ছে রোববার। অপর দুই নির্বাচন কমিশনার একে মোহাম্মদ আলী ও মুন্সেফ আলীর বিরোধিতার মধ্যেও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এমএ আজিজ নতুন ভোটার তালিকা তৈরির ঘোষণা দেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2005, 04:59 PM

Updated : 26 Apr 2022, 06:26 PM

এ নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃবৃন্দের দায়ের করা রিট আবেদনের শুনানি ২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। তার একদিন আগেই ১ জানুয়ারি ভোটার তালিকার কাজ শুরু হচ্ছে।

ভোটার তালিকা তৈরির জন্যে সারা দেশে প্রায় তিন লাখ লোক নিয়োগ করা হয়েছে। এর মেেধ্য ৮৩ জন রেজিস্ট্রেশন অফিসার, ৬,২৭০ জন সহকারী রেজিস্ট্রেশন অফিসার, ৫৫,৬৮৪ জন সুপারভাইজার এবং ২১৬,৭২২ জন তথ্য সংগ্রহকারী।

অভিযোগ রয়েছে, নিয়োগ করা কর্মকর্তাদের একটি বড় অংশ ক্ষমতাসীন চারদলীয় জোটের প্রধান দুই শরিক বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থক। আর গত সেপ্টেম্বরে যে ৩০০ উপজেলা নির্বাচন কর্মকর্তা নিয়োগ করা হয়েছে, তাদের অর্ধেকের বেশি সরকারি জোটের প্রধান দুই দলের ছাত্র সংগঠন ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতা--কর্মী এবং তাদের আত্মীয়--স্বজন বলে অভিযোগ রয়েছে।  

এ অবস্থার মধ্য দিয়েই তালিকা তৈরির কাজ শুরু হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে ১ জানুয়ারি থেকে এবং তথ্য যাচাইয়ের কাজ শুরু হবে ৮ জানুয়ারি থেকে। সহকারী রেজিস্ট্রেশন অফিসাররা ২১ জানুয়ারি এসব তথ্যের কমপক্ষে ১০ শতাংশ সরেজমিনে যাচাই শুরু এবং ৩১ জানুয়ারির মধ্যে শেষ করবেন।

তবে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর কোনও ভুল বা আপত্তি থাকলে তা সংশোধনের জন্যে থানা নির্বাহি কর্মকর্তার বরাররে আবেদন করা যাবে মার্চের ১৬ তারিখ পর্যন্ত। আর আবেদনসমূহের নিস্পত্তি শেষ করতে হবে ১ এপ্রিলের মধ্যে।

জেলা নির্বাচন অফিসারগণ রেজিস্ট্রেশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়া প্রতি জেলায় জেলা প্রশাসক এবং উপজেলায় নির্বাহি কর্মকর্তার নেতৃত্বে ভোটার তালিকা সুষ্ঠুভাবে সম্পন করার জন্যে সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। সিটি কর্পোরেশনসমূহে উপ--নির্বাচন কমিশনার এবং ক্যানটনমেন্ট এলাকার জন্যে সংশ্লিষ্ট ক্যান্টনমেন্টের নির্বাহি কর্মকর্তার নেতৃত্বে সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।

মাঠ পর্যায়ের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষার জন্যে নির্বাচন কমিশন সচিবালয়ে একটি তথ্য সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র স্থাপন করা হয়েছে ।

অবশ্য সংশ্লিষ্টদের অনেকেই বলছেন, ভোটার তালিকার ভবিষ্যৎ নির্ভর করছে দায়েরকৃত রিটের নিস্পত্তি বা আদালতের রায়ের ওপর।