২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা হামলায় ক্ষতবিক্ষত সারা দেশ, সরকারের সঙ্গে সংলাপের দিন শেষ: ১৪ দল

আওয়ামী লীগসহ ১৪ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেছেন, ক্ষমতাসীন জোটের প্রত্যক্ষ মদদে সারা দেশ যখন বোমা হামলায় ক্ষত বিক্ষত, তখন সরকারের সঙ্গে আলোচনা বা সংলাপের আর কোনও সুযোগ নেই।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2005, 06:54 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

বুধবার দেশব্যাপী পালিত কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয়ভাবে ঢাকা জেলা প্রশাসন অবরোধ চলাকালে এক বিক্ষোভ সমাবেশে তারা বলেন, সংলাপের দিন শেষ হয়ে গেছে।

১৪ দলীয় নেতৃবৃন্দ অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তাব মেনে নিয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান। তারা বলেন, সংস্কার ছাড়া দেশে কোনও নির্বাচন হতে দেওয়া হবে না।

নগরীর বাহাদুর শাহ্ পার্কে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা জেলা আওয়ামী লীগ সভাপতি বেনজীর আহমেদ।

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক এমপি, বেগম মতিয়া চৌধুরী, কেন্দ্রীয় নেতা ওবায়দুল কাদের, মুকুল বোস, আব্দুল মান্নান, সুলতান মোহাম্মদ মনসুর, অ্যাডভোকেট আব্দুল মান্নান খান, কর্নেল (অব.) ফারুক খান এমপি, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাসদের সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ, কেন্দ্রীয় নেত্রী শিরিন আখতার, গণফোরামের মোস্তফা মহসীন মন্টু এবং ওয়ার্কার্স পার্টির আনিসুর রহমানি মল্লিকসহ আওয়ামী লীগ, ১১ দল, জাসদ ও ন্যাপ নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন।