সরকারের একাংশের মনোভাব ইসলামী জঙ্গিবাদী: সুরঞ্জিত সেনগুপ্ত
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, সরকারের একাংশ ইসলামী জঙ্গিবাদী মনোভাব ধারণ করে এবং তাদের সাথে দেশের সাম্প্রতিক জঙ্গি কর্মকাণ্ডের যোগসূত্র রয়েছে।
সোমবার আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে তিনি একথা বলেন।
তিনি বলেন, জামায়াতে ইসলামী ও ইসলামী ঐক্যজোট বাংলাদেশের সাংবিধানিক আইন মানে না। কেননা ইসলামী মৌলবাদী ও জঙ্গিরা এদেশে আল্লাহর আইন কায়েম করতে চায়। দেশে উগ্রবাদ ও জঙ্গিবাদ মোকাবেলার জন্যে সরকার থেকে তাদের বের করে দিতে হবে।
সুরঞ্জিত সেনগুপ্তের বক্তব্যের বিরোধিতা করে আইন মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, সাংবিধানিক আইন মেনে চলার শর্তেই বিএনপি জামায়াতে ইসলামী ও ইসলামী ঐক্যজোটের সাথে জোট করেছে।
তিনি বলেন, বিচার বিভাগের ওপর হামলা কেবল সরকারের ওপর আঘাত নয়, দেশের সাংবিধানিক শাসন ও সরকার ব্যবস্থার প্রতিও আঘাত। জঙ্গিদের মূল উৎপাটন করতে সকল দলকে ঐক্যবদ্ধ হতে হবে বলে তিনি উল্লেখ করেন।
স্থায়ী কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুবউদ্দিন আহমেদের সভাপতিত্বে বৈঠকে অন্যান্যের মধ্যে বিচারপতি মোজাম্মেল হক, হারুন--অর--রশিদ ও চিফ হুইপ খন্দকার দেলোয়ার হোসেন বক্তব্য রাখেন।
